মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর সারা দেশে ৪৯৫ জন এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের আওতায় দেশের ৪৯৫টি উপজেলার প্রতিটিতে একজন করে ‘এআই টেকনিশিয়ান’ (ক্যাটাগরি-১) নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা নির্ধারিত শর্ত পূরণ করে এ কাজের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
প্রতি উপজেলায় একজন করে নিয়োগ
প্রাণিসম্পদ অধিদপ্তরের এ নিয়োগ কার্যক্রমের আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে টেকনিশিয়ান নির্বাচন করা হবে। নির্বাচিত ব্যক্তিরা নিজ নিজ উপজেলায় গবাদিপশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনা করবেন।
এটি প্রচলিত স্থায়ী সরকারি চাকরি নয়। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের আওতায় সরাসরি চুক্তির মাধ্যমে কাজের সুযোগ দেওয়া হবে। নির্বাচিত টেকনিশিয়ানদের প্রতি মাসে কমপক্ষে ৫০টি কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্পন্ন করার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি প্রতি মাসের কাজের প্রতিবেদন সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
এআই টেকনিশিয়ানদের কাজ কী
এআই টেকনিশিয়ান বা কৃত্রিম প্রজনন কর্মীরা বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশুর জাত উন্নয়নে কাজ করেন। তাঁরা উন্নত জাতের ষাঁড়ের বীজ বা সিমেন সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে গাভির কৃত্রিম প্রজনন করান।
এর ফলে গবাদিপশুর উন্নত জাত তৈরি, দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আর্থিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়। দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়াতেও তাঁদের ভূমিকা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ
আবেদনকারীদের ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে চার মাস মেয়াদি প্রশিক্ষণের সনদ থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অধীনে দুই মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণ সনদ বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
অভিজ্ঞতার শর্ত
কৃত্রিম প্রজনন দপ্তরের প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত কর্মরত সেবাপ্রদানকারী এআই টেকনিশিয়ানরা আবেদন করতে পারবেন। সরকারি প্রতিষ্ঠানে এআই টেকনিশিয়ান হিসেবে কৃত্রিম প্রজনন কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে কোনো উপজেলায় ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে ওই উপজেলার ক্ষেত্রে সর্বোচ্চ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে নির্বাচনের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বয়সসীমা ও চুক্তির মেয়াদ
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ (সংশোধিত) অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচিত টেকনিশিয়ানদের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ চুক্তির তারিখ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এ চুক্তির মাধ্যমে কাজের সুযোগ পাওয়া ভবিষ্যতে প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাওয়ার নিশ্চয়তা দেবে না।
সেবামূল্য ও আয় নির্ধারণ
নির্বাচিত এআই টেকনিশিয়ানরা অর্থ বিভাগের ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’-এর তফসিল-খ অনুযায়ী সরকার নির্ধারিত সেবামূল্য বা সম্মানী পাবেন।
মাঠপর্যায়ে কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার সময় খামারি বা সেবাগ্রহীতাদের কাছ থেকে সরকার নির্ধারিত এআই ফির বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। খামারিদের কাছ থেকে আদায় করা নির্ধারিত প্রজনন ফি যথাসময়ে নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সরকারি চাকরির আবেদন ফরমে অথবা সাদা কাগজে স্বহস্তে লিখিত কিংবা টাইপ করা জীবনবৃত্তান্তের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে— প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, চার মাসের প্রশিক্ষণ সনদ, দুই মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণ সনদ বা প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিবন্ধিত মোবাইল নম্বর, নাগরিকত্ব সনদ। আবেদনের খামের ওপর পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ সময়
আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি আবেদন জমা দেওয়ার সুযোগ নেই।
আবেদনের ঠিকানা: পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫।
আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে।
কালের আলো/এসএ/এএইচ


-20261123114953.jpg)









-20261121140412.jpg)






