Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১০:৫৯ পিএম

বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১০:৫৯ পিএম

বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

বঙ্গোপসাগরে সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ইতালি। এ লক্ষ্যে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময়, যৌথ মহড়া এবং কারিগরি সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমার নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে সহযোগিতা
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে।

কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী ইতালীয় নৌবাহিনীর চারটি ‘মিনার্ভা শ্রেণির’ কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বর্তমানে সমুদ্র উপকূলীয় টহল জাহাজ হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে বাংলাদেশের নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে।

টহল জাহাজ সংগ্রহ ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা
বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে সমুদ্র উপকূলীয় ও উপকূলীয় টহল জাহাজ সংগ্রহের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।

প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়বে
দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুত্বপূর্ণ দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন এবং মানবপাচার প্রতিরোধ কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এ কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

পাশাপাশি বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের ইতালিতে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সহযোগিতা কামনা করা হয়। এর মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, জাহাজে ওঠা, তল্লাশি ও জব্দকরণ, ড্রোন পরিচালনা এবং সামুদ্রিক পরিসর সম্পর্কে সচেতনতা ও তথ্য বিশ্লেষণ।

ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি সামুদ্রিক পরিসর সম্পর্কে সচেতনতা, মহাকাশ প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!