কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্থায়ী পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে এসব পদে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।
১২ বিভাগে ১৮টি পদে নিয়োগ
বিভাগভিত্তিক নিয়োগের বিবরণ নিচে দেওয়া হলো—
1. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ: প্রভাষক পদে ২ জন।
2. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ: প্রভাষক পদে ২ জন। আবেদনের যোগ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান, সরকার ও রাজনীতি এবং রাজনীতিবিজ্ঞান।
3. লোকপ্রশাসন বিভাগ: প্রভাষক পদে ১ জন এবং সহকারী অধ্যাপক পদে ১ জন। আবেদনের যোগ্য বিষয় লোকপ্রশাসন, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন।
4. সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ: প্রভাষক পদে ২ জন। আবেদনের যোগ্য বিষয় সোশ্যাল ওয়েলফেয়ার ও সোশ্যাল ওয়ার্ক।
5. ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ: প্রভাষক পদে ১ জন। আবেদনের যোগ্য বিষয় ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি ও লোকপ্রশাসন।
6. শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ: প্রভাষক পদে ২ জন।
7. ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগ: প্রভাষক পদে ১ জন। আবেদনের যোগ্য বিষয় ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ ও ফোকলোর স্টাডিজ।
8. মার্কেটিং বিভাগ: প্রভাষক পদে ২ জন।
9. ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ: প্রভাষক পদে ১ জন। আবেদনের যোগ্য বিষয় ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, আইন, আল-ফিকহ অ্যান্ড ল এবং আইন ও বিচার।
10. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ: প্রভাষক পদে ১ জন। আবেদনের যোগ্য বিষয় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট।
11. ফার্মেসি বিভাগ: প্রভাষক পদে ১ জন।
12. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ: প্রভাষক পদে ১ জন। আবেদনের যোগ্য বিষয় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রভাষক পদে নবম গ্রেডে বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
প্রভাষক পদে আবেদনের যোগ্যতা
প্রভাষক পদে আবেদন করতে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ থাকতে হবে। বিজ্ঞান ছাড়া অন্যান্য বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষার জিপিএর যোগফল কমপক্ষে ৮ হতে হবে। তবে কোনো পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩ দশমিক ৫০-এর কম থাকা যাবে না। সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে।
প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ৪-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫০ সিজিপিএ থাকতে হবে। সনাতন পদ্ধতিতে উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণি প্রয়োজন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
সহকারী অধ্যাপক পদে আবেদনের যোগ্যতা
সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রিসহ অন্তত এক বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং কমপক্ষে একটি প্রকাশনা থাকতে হবে।
বিকল্প হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে এমফিল বা সমমানের ডিগ্রিসহ অন্তত দুই বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং দুটি প্রকাশনা থাকলেও আবেদন করা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্তত তিন বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং দুটি প্রকাশনা থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে। তবে এসব যোগ্যতার পাশাপাশি প্রভাষক পদের নিয়োগের যোগ্যতাও পূরণ করতে হবে।
আবেদন ফরম ও ফি
আবেদন ফরম অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া থেকে ১০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করলে ১ হাজার ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত ছবিসহ পূর্ণাঙ্গ আবেদনপত্রের ১০ সেট জমা দিতে হবে।
আবেদনপত্র আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
কালের আলো/এসএ/এএইচ













-20261121140412.jpg)






