Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৪:০৮ পিএম

১৯ ছক্কায় ১৮১ রান, টি-টোয়েন্টিতে ভারতীয় রেকর্ড

ক্রীড়া ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৪:০৮ পিএম

১৯ ছক্কায় ১৮১ রান, টি-টোয়েন্টিতে ভারতীয় রেকর্ড

মাত্র ৬৮ বলে ১৮১ রান! ইনিংসে ছক্কার সংখ্যা ১৯, চারের সংখ্যা মাত্র ৭। বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশু আর্য। তাঁর ঝোড়ো ইনিংসে ভেঙেছে ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড। ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন তিনি। একই সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।

পাওয়ারপ্লেতেই আট ছক্কা
ইন্দোরের দালি কলেজ মাঠে সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল দিল্লি। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন প্রিয়াংশু। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর মাত্র ৩৬ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি।

তাঁর ১৮১ রানের ইনিংসটি সাজানো ছিল ১৯টি ছক্কা ও ৭টি চারে। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৪২ রান। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন তিনি। পাওয়ারপ্লের মধ্যেই হাঁকান আটটি ছক্কা। শেষ পর্যন্ত ২৬৬.১৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে দিল্লিকে বিশাল সংগ্রহ এনে দেন এই ওপেনার।

পেছনে ফেললেন ক্রিস গেইলকে
প্রিয়াংশুর এই ইনিংসে পেছনে পড়েছে ক্রিস গেইলের ১৭৫ রানের অপরাজিত ইনিংস। ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে বেঙ্গালুরুর হয়ে সেই বিধ্বংসী ইনিংস খেলেছিলেন গেইল। প্রায় ১৩ বছর ধরে ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে টিকে ছিল সেটি।

তামিলনাড়ুর বোলার মনিমরন সিদ্ধার্থকে পরপর দুই বলে চার ও ছক্কা মেরে গেইলের রেকর্ড ছাড়িয়ে যান প্রিয়াংশু। তবে বিশ্ব রেকর্ড গড়া হয়নি তাঁর। গত ২ অক্টোবর সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে অপরাজিত ১৮৮ রান করেছিলেন লুয়ান ড্রে প্রিটোরিয়াস। সেই ইনিংসই এখন ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। প্রিটোরিয়াসের রেকর্ড থেকে মাত্র ৭ রান দূরে থাকতে সিদ্ধার্থের বলে ক্যাচ দিয়ে আউট হন প্রিয়াংশু।

ছক্কার রেকর্ডেও ছুঁলেন ফিন অ্যালেনকে
ব্যক্তিগত রানের পাশাপাশি ছক্কার সংখ্যাতেও বিরল কীর্তি গড়েছেন প্রিয়াংশু। এক ইনিংসে ১৯টি ছক্কা মেরে ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। গত বছর মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ১৫১ রান করার পথে একই সংখ্যক ছক্কা মেরেছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।

দিল্লির সংগ্রহ ২৭৫ রান
প্রিয়াংশুর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৭৫ রান তোলে দিল্লি। সৈয়দ মুশতাক আলী ট্রফির ইতিহাসে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগে চলতি বছরের আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগেও ছক্কার ঝড় তুলেছিলেন প্রিয়াংশু। সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে বাঁহাতি স্পিনার মনন ভরদ্বাজের এক ওভারে ছয় বলেই ছয়টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলেও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই ছক্কাবাজ ওপেনার।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!