Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৩:৫২ পিএম

জাপানের বাজারে খুলল দুয়ার, সক্ষমতার পরীক্ষায় বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৩:৫২ পিএম

জাপানের বাজারে খুলল দুয়ার, সক্ষমতার পরীক্ষায় বাংলাদেশ

জাপানের বিশাল বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের ফলে বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ রপ্তানিপণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পেতে যাচ্ছে। তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত ও হিমায়িত খাদ্য, ওষুধ, হালকা প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তি খাতের জন্যও তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।

  • শুল্কমুক্ত প্রবেশের সুযোগ ৯৭ শতাংশ পণ্যে 
  • ৮৩ শতাংশ রপ্তানি পোশাকনির্ভর 
  • দুর্বল সরবরাহব্যবস্থা ও মান নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ

শুধু রপ্তানি বৃদ্ধি নয়, এই চুক্তির মাধ্যমে জাপানি বিনিয়োগ আকর্ষণ, উন্নত প্রযুক্তি স্থানান্তর এবং বাংলাদেশের শিল্প খাতকে আন্তর্জাতিক উৎপাদন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার সুযোগও তৈরি হয়েছে। তবে সম্ভাবনার এই দরজা খুললেও তা কাজে লাগানো সহজ হবে না। উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা, উচ্চ ব্যয়, দুর্বল সরবরাহব্যবস্থা, দীর্ঘ পরিবহন সময় এবং ব্যবসায়িক পরিবেশের নানা প্রতিবন্ধকতা এখনো বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।

সবচেয়ে বড় দুর্বলতা রপ্তানির পণ্যভিত্তিক বৈচিত্র্যের অভাব। জাপানে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ থেকে ৮৩ শতাংশই আসে তৈরি পোশাক থেকে। অথচ বাংলাদেশের সামগ্রিক রপ্তানিতে জাপানের অবদান মাত্র ৩ শতাংশের কাছাকাছি। ফলে শুল্কমুক্ত সুবিধার পাশাপাশি নতুন পণ্য ও নতুন শিল্পের বিকাশ ঘটাতে না পারলে ইপিএর প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রথম ইপিএ, নতুন বাণিজ্যিক দিগন্ত
গত ৬ ফেব্রুয়ারি টোকিওতে বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয় অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি। এটি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইপিএ। চুক্তি অনুযায়ী, জাপান বাংলাদেশের সাত হাজার ৩৭৯টি ট্যারিফ লাইনে শুল্কমুক্ত বাজারসুবিধা দেবে। অন্যদিকে বাংলাদেশও জাপানের এক হাজার ৩৯টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে।

তবে চুক্তি স্বাক্ষরিত হলেও এখনো কার্যকর হয়নি। জাপানের সংসদীয় অনুমোদনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এটি বাস্তবায়নে যাবে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়টি সামনে রেখে চুক্তিটির গুরুত্ব আরও বেড়েছে। এলডিসি হিসেবে জাপানের বাজারে বাংলাদেশ যে বাণিজ্যসুবিধা পাচ্ছে, তা ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ইপিএ কার্যকর হলে এই সময়সীমার পরও দীর্ঘমেয়াদে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা ধরে রাখার সম্ভাবনা তৈরি হবে।

বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর তাগিদ
দুই দেশের বাণিজ্যে এখনো বাংলাদেশের অবস্থান পুরোপুরি স্বস্তিদায়ক নয়। ২০২৪-২৫ অর্থবছরে জাপানে বাংলাদেশ প্রায় ১৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে দেশটি থেকে আমদানি হয়েছে প্রায় ১৯০ কোটি ডলারের পণ্য। এতে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি ডলার।

এই পরিস্থিতিতে রপ্তানি বাড়ানোর পাশাপাশি পণ্যের বৈচিত্র্য আনা জরুরি হয়ে উঠেছে। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা জাপানে বছরে প্রায় ৩০০ কোটি ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে বর্তমান রপ্তানির তুলনায় এই লক্ষ্য অর্জনে উৎপাদন, সরবরাহ ও বাজার সম্প্রসারণে বড় ধরনের অগ্রগতি প্রয়োজন।

এক পণ্যের ওপর নির্ভরতা বড় ঝুঁকি
রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে উৎপাদন ও সরবরাহ সক্ষমতার সীমাবদ্ধতাকে বড় বাধা হিসেবে দেখছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। তাঁর মতে, জাপানে বাংলাদেশের রপ্তানির ৮০ থেকে ৮৩ শতাংশ তৈরি পোশাকনির্ভর হওয়া দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। কোনো কারণে এ খাতে শুল্ক আরোপ কিংবা সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটলে সামগ্রিক রপ্তানি আয় বড় ধরনের ধাক্কা খেতে পারে।

দেশের চিংড়ি শিল্পের দুর্বলতাও তুলে ধরেছেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা অঞ্চলের প্রায় অর্ধেক চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা কাঁচামালের অভাবে বছরের অর্ধেক সময় বন্ধ থাকে। বাংলাদেশে হেক্টরপ্রতি চিংড়ি উৎপাদন প্রতিযোগী দেশগুলোর তুলনায় ১৫ থেকে ২০ গুণ কম। উৎপাদন ব্যয় বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হচ্ছে।

ভেনামি চিংড়ি চাষের অনুমোদন পেতেও ১০ থেকে ১৫ বছর সময় লেগেছে বলে উল্লেখ করেন তিনি। এই দীর্ঘসূত্রতার মধ্যে প্রতিযোগী দেশগুলো আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। তবে চিংড়ির পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য এবং হস্তশিল্পে জাপানের বাজারে ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খাদ্যপণ্য রপ্তানিতে জাপানের কঠোর স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড পূরণ করতে পারলে নতুন বাজার সম্প্রসারণের সুযোগ বাড়বে।

ছোট চালানে বড় সম্ভাবনা ক্ষুদ্র উদ্যোক্তাদের
জাপানের ব্যবসায়িক সংস্কৃতিও বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। দেশটির ক্রেতারা পণ্যের মান, সাশ্রয়ী মূল্য এবং সময়মতো সরবরাহকে বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি ভোক্তাদের রুচির দ্রুত পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে বড় চালানের পরিবর্তে ছোট ছোট লটে পণ্য কেনার প্রবণতা রয়েছে। ইপিবির প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের মতে, এই বৈশিষ্ট্য বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ইতিবাচক সুযোগ তৈরি করতে পারে। তবে সে জন্য পণ্যের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করার সক্ষমতা থাকতে হবে।

দীর্ঘ পরিবহন সময়েই পিছিয়ে পড়ছে বাংলাদেশ
জাপানের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। কিন্তু পণ্য পরিবহনের ক্ষেত্রে দেশটির তুলনায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। ইপিবির প্রধান নির্বাহীর দেওয়া তথ্য অনুযায়ী, ভিয়েতনামের দা নাং বন্দর থেকে জাপানের ইয়োকোহামা বন্দরে পণ্য পৌঁছাতে সাত থেকে নয় দিন লাগে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরে ট্রান্সশিপমেন্ট হয়ে জাপানে পণ্য পৌঁছাতে প্রায় চার সপ্তাহ সময় প্রয়োজন হয়। এই দীর্ঘ পরিবহন সময় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমিয়ে দিচ্ছে। বিশেষ করে দ্রুত পরিবর্তনশীল বাজারে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে ক্রেতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

রপ্তানির পাশাপাশি বিনিয়োগই হতে পারে বড় অর্জন
অর্থনৈতিক বিশ্লেষক ও গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান ড. এম আবদুর রাজ্জাক মনে করেন, ইপিএর সবচেয়ে বড় সম্ভাবনা কেবল শুল্কমুক্ত রপ্তানিতে সীমাবদ্ধ নয়। বরং জাপানি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসার মধ্যেই রয়েছে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফলের বড় সুযোগ।

তাঁর মতে, এলডিসি উত্তরণের পরও তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ধরে রাখা এই চুক্তির অন্যতম ইতিবাচক দিক। পাশাপাশি সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশনের সুবিধা পাওয়া গেলে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়তে পারে।

তবে এলডিসি উত্তরণের পর অতিরিক্ত তিন বছর শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে কি না, সে বিষয়টি স্পষ্ট করা জরুরি। ২০৩২ সাল পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে কি না, চুক্তির সংশ্লিষ্ট ধারা পর্যালোচনা করে নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে।

ড. আবদুর রাজ্জাকের মতে, জাপানি বিনিয়োগ এলে বাংলাদেশে নতুন শিল্প স্থাপন, প্রযুক্তি স্থানান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের পশ্চাৎসংযোগ খাতে (ব্যাকওয়ার্ড লিংকেজ) ম্যান-মেড ফাইবার উৎপাদন ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে জাপানি বিনিয়োগ এলে রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব।

চুক্তির সুফল পেতে প্রয়োজন কার্যকর বাস্তবায়ন
জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) নির্বাহী পরিচালক তাহেরা আহসান মনে করেন, ইপিএর সুফল পেতে চুক্তিতে অন্তর্ভুক্ত প্রতিশ্রুতিগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তাঁর প্রত্যাশা, আগামী বছরের শুরুতেই চুক্তিটি কার্যকর হবে।

তিনি জানান, চুক্তির আওতায় একটি যৌথ কমিটি ও ১৩টি উপকমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। নিয়মিত আলোচনা, বাণিজ্যিক প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অতিরিক্ত প্রত্যাশা নয়, বাস্তবভিত্তিক কৌশল জরুরি
জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগকে ইতিবাচক হিসেবে দেখলেও এ নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ার পক্ষে নন তৈরি পোশাক খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারক আরশাদ জামান দিপু। তাঁর মতে, জাপানের অভ্যন্তরীণ বাজারের আকার, আন্তর্জাতিক রিটেইলারদের বৈশ্বিক ব্যবসায়িক কৌশল এবং চীনের সঙ্গে দেশটির দীর্ঘদিনের সোর্সিং সম্পর্ক বিবেচনায় নিয়েই বাংলাদেশের রপ্তানি পরিকল্পনা সাজাতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ইপিএ কার্যকর হওয়ার আগেই বাংলাদেশকে প্রস্তুতি সম্পন্ন করতে হবে। পোশাকের বাইরের সম্ভাবনাময় শিল্পগুলোতে উৎপাদন সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক মানের সনদ অর্জন, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং জাপানি ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ জোরদার করা জরুরি। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপত্তিবিধি, শুল্কসুবিধা গ্রহণের নিয়ম এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে দক্ষ করে তুলতে হবে। বন্দর ব্যবস্থাপনা, কাস্টমস প্রক্রিয়া, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতাও দূর করতে হবে।

সুযোগকে রপ্তানি বিপ্লবে রূপ দেওয়ার সময় এখনই
জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মাইলফলক। তবে চুক্তির সাফল্য কেবল রপ্তানি প্রবৃদ্ধির পরিসংখ্যানে সীমাবদ্ধ রাখলে চলবে না। পোশাকের বাইরে নতুন পণ্য কতটা বাজার পাচ্ছে, শুল্কমুক্ত সুবিধা কতটা ব্যবহার হচ্ছে, জাপানি বিনিয়োগ কতটা আসছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারসাম্যে কী পরিবর্তন ঘটছে—এসব সূচকেও সাফল্য মূল্যায়ন করতে হবে। বিশাল বাজারের দরজা খুলেছে, কিন্তু সেই বাজারে জায়গা করে নিতে হলে প্রয়োজন উৎপাদন সক্ষমতা, মানসম্পন্ন পণ্য, দক্ষ সরবরাহব্যবস্থা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ। শুল্কমুক্ত সুবিধাকে বাস্তব অর্থনৈতিক অর্জনে রূপ দিতে পারলেই জাপানের সঙ্গে এই অংশীদারত্ব বাংলাদেশের রপ্তানি অর্থনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

কালের আলো/ওয়াইএ/এমকে

Link copied!