যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইরানের নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা সামরিক আগ্রাসন চালালে সংঘাতের পরিসর আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে গালিবাফের এ বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের অবস্থান আগেই জানানো হয়েছে। ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে না, আলোচনাও হবে না।’
গালিবাফ আরও বলেন, শত্রুপক্ষের যেকোনো আগ্রাসী পদক্ষেপের কঠোর জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। প্রতিপক্ষ ভুল হিসাব করলে সংঘাতের ভৌগোলিক পরিসরও বাড়ানো হবে।
ট্রাম্প ও মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্যে উত্তেজনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্য ও হুমকির পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এসেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্কগুলো পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযান অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাপের মাথা কবর দেওয়া পর্যন্ত’ এই তৎপরতা চলবে।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, ভুয়া কোম্পানি ও গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। ওয়াশিংটনের দাবি, ইরানের আন্তর্জাতিক গোপন ব্যাংকিং নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের সাত শর্তে কী রয়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে তেহরান সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার।
২. ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
৩. বিদেশে জব্দ করা ইরানের অর্থ ও সম্পদ ছাড়।
৪. সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ।
৫. আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘোষণা।
ইরানের এসব শর্ত এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত নিষেধাজ্ঞার পদক্ষেপ দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের পথকে আরও জটিল করে তুলেছে। গালিবাফের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, নিজেদের দাবিতে ছাড় না দিয়ে আলোচনায় বসতে আগ্রহী নয় তেহরান।
কালের আলো/এসএ/টিসি











-20261121140412.jpg)








