অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছেন উসমান খাজা। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের কেপটাউন টেস্টের সেই বিতর্কিত ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন তিনি। তবে বইটিতে শুধু ক্রিকেটের বিতর্ক নয়, উঠে এসেছে খাজার জীবনের নানা মজার ঘটনাও। এর মধ্যে রয়েছে ডার্বিশায়ারে খেলার সময় ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করার এক অদ্ভুত কাহিনি।
স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন বিতর্ক
খাজার দাবি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা সম্পর্কে দলের সবাই জানতেন। অথচ শাস্তির মুখে পড়েছিলেন কেবল স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তাঁর মতে, ওই ঘটনায় অন্যদের আড়ালে রেখে এই তিন ক্রিকেটারকে বলির পাঁঠা বানানো হয়েছিল।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স খাজার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে মিচেল স্টার্কও আবার বলেছেন, এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এর মধ্যে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে তদন্তের দাবিও উঠেছে।
ডেরেক কেরেড নামে ভুয়া অ্যাকাউন্ট
খাজার আত্মজীবনীর সবচেয়ে মজার ঘটনাগুলোর একটি ডার্বিশায়ারে খেলার সময়কার। টেস্ট অভিষেকের পরের বছর দ্বিতীয়বার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন তিনি। সেবার সতীর্থ ও বন্ধু রস হোয়াইটলি এবং টম পয়ন্টনের সঙ্গে রুম ভাগাভাগি করলেও সময় কাটছিল না তাঁর।
আগের মৌসুমে খেয়াল করেছিলেন, ডার্বিশায়ারের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য নিয়ে বেশ অস্বস্তিতে থাকেন। একটি বাজে মন্তব্য নিয়েই অনেক সময় তাঁদের পুরো সপ্তাহ মন খারাপ করে কাটত। অস্ট্রেলিয়ার ক্রিকেটে কঠিন স্লেজিংয়ের অভিজ্ঞতা থাকা খাজার কাছে বিষয়টি বেশ মজার মনে হয়েছিল।
তাই সতীর্থদের সঙ্গে একটু মজা করার পরিকল্পনা করেন তিনি। টুইটারে (বর্তমানে এক্স) ‘ডেরেক কেরেড’ নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে ফেলেন। ‘কেরেড’ শব্দটি আসলে ‘ডেরেক’-এর উল্টো বানান। অ্যাকাউন্টটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে কয়েকজন অভিনেতা ও খেলোয়াড়কেও অনুসরণ করেন তিনি।
অনলাইনে শুরু সতীর্থদের স্লেজিং
এরপর ওই অ্যাকাউন্ট থেকে সতীর্থদের উদ্দেশে একের পর এক খোঁচা দিতে শুরু করেন খাজা। ইতালীয় বংশোদ্ভূত পেসার টনি প্যালাডিনোকে বলেন, ক্রিকেট ছেড়ে পাস্তা বানাতে। তাঁর বোলিংকে কটাক্ষ করে ‘পিৎজা’ বলেও মন্তব্য করেন।
ওয়েস ডারস্টন এলবিডব্লিউ হলে তাঁকেও ছাড় দেননি। আর ড্যানিয়েল রেডফার্নকে ডাকতেন ‘চার চোখা’ বলে, কারণ তিনি কন্টাক্ট লেন্স ব্যবহার করতেন। মজার বিষয় হলো, খাজা নিজেও চশমা পরতেন। তবে ভুয়া অ্যাকাউন্টের আড়ালে থেকে নিজের পরিচয়ের কোনো ইঙ্গিত দেননি।
শুধু অনলাইনে মন্তব্য করেই থেমে থাকেননি তিনি। কখনো লিখতেন, তিনি অমুক স্ট্যান্ডে বসে আছেন। এতে ডার্বিশায়ারের ড্রেসিংরুমে শুরু হতো আলোচনা—গ্যালারির কোন দর্শক আসলে ডেরেক?
নিজেকেও স্লেজিং করে সন্দেহ দূর
খাজার কৌশল ছিল আরও চতুর। সতীর্থদের সন্দেহ এড়াতে ডেরেকের অ্যাকাউন্ট থেকে নিজেকেও স্লেজিং করতেন তিনি। এতে সবাই ভাবতেন, ডেরেক নিশ্চয়ই দলের বাইরের কেউ।
একদিন ড্রেসিংরুমে ডেরেককে নিয়ে সতীর্থদের মধ্যে আলোচনা ও ক্ষোভ চলছিল। তখন খাজা নিরীহ মুখে বলেন, ‘ওর কথা এত গায়ে মাখছ কেন? উপেক্ষা করো।’
এ কথা শুনে টনি প্যালাডিনো রেগে বলেন, ডেরেক তো খাজাকেও ছাড়েনি। খাজা তখন অবাক হওয়ার অভিনয় করে জানতে চান, তাঁর সম্পর্কে কী বলেছে ডেরেক? এভাবেই দীর্ঘদিন নিজের পরিচয় গোপন রাখতে সক্ষম হন তিনি।
বান্ধবীর কাছেই ফাঁস হলো গোপন পরিচয়
তবে শেষ পর্যন্ত খাজার গোপন কাণ্ড ফাঁস হয়ে যায় এক ব্যক্তিগত ঘটনায়। ম্যানচেস্টারে তাঁর খেলা দেখতে গিয়েছিলেন তখনকার বান্ধবী লিসা। নামটি অবশ্য ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছেন খাজা। লিসার ফোনে তখন ইন্টারনেট সংযোগ না থাকায় নিজের ফোনটি তাঁকে ব্যবহার করতে দেন তিনি।
ফোন ঘাঁটতে গিয়ে ডেরেক কেরেডের অ্যাকাউন্ট খুঁজে পান লিসা। অ্যাকাউন্টটি অনেক অচেনা নারীকে অনুসরণ করছিল। তাঁর ধারণা হয়, এটি খাজার গোপন অ্যাকাউন্ট এবং এর মাধ্যমে হয়তো অন্য নারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
এর পেছনে কারণও ছিল। খাজা নিজেই বইয়ে স্বীকার করেছেন, আগের বছর অনলাইনে এক নারীর সঙ্গে হালকা ফ্লার্টের ঘটনায় লিসার আস্থা কিছুটা নষ্ট হয়েছিল। তাই এবার খাজার ব্যাখ্যা বিশ্বাস করতে চাননি তিনি। খাজা বোঝানোর চেষ্টা করেন, অ্যাকাউন্টটি শুধু সতীর্থদের সঙ্গে মজা করার জন্য খোলা হয়েছিল। কিন্তু লিসা কিছুতেই আশ্বস্ত হননি। পরবর্তী পাঁচ ঘণ্টা তাঁর সঙ্গে কোনো কথাই বলেননি।
পরে হোটেলে ফিরে লিসা খাজার রুমমেট রস হোয়াইটলি ও টম পয়ন্টনের কাছে বিষয়টি জানতে চান। দুজনেই হেসে ফেলেন। কারণ তাঁরা শুরু থেকেই জানতেন, ডেরেক আসলে খাজা নিজেই। ডার্বিশায়ারের ক্লাব চেয়ারম্যান ক্রিস গ্র্যান্টও বিষয়টি জানতেন।
শিরোপা জয়ের দিন বড় প্রকাশ
খাজার ভুয়া পরিচয়ের অবসান ঘটে ডার্বিশায়ারের মৌসুমের শেষ ম্যাচে। প্রতিপক্ষ ছিল হ্যাম্পশায়ার। ম্যাচটি জিতলেই ডিভিশন টু শিরোপা নিশ্চিত হওয়ার সুযোগ ছিল দলের সামনে। দুই ইনিংসেই ৮০ রান করে ম্যাচসেরা হন খাজা।
জয়ের পর ড্রেসিংরুমে চলছিল উদ্যাপন। এমন সময় রুম অ্যাটেনডেন্ট এডউইন এসে জানান, ডেরেকের নামে একটি চিঠি এসেছে। সেই চিঠির মাধ্যমেই খাজা সতীর্থদের সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করেন। জানান, এত দিন যে ব্যক্তিকে তাঁরা খুঁজে বেড়িয়েছেন, তিনি আসলে তাঁদেরই একজন সতীর্থ।
এরপর যা ঘটেছিল, তা খাজার ভাষায় বেশ স্মরণীয়। পাঁচ-ছয়জন সতীর্থ একসঙ্গে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে মজার ছলে মারধর করেন। কেউ বিশ্বাসই করতে পারছিলেন না, এত দিন তাঁদের সঙ্গে এমন কৌতুক করে গেছেন খাজা। বিশেষ করে নিজেকেও স্লেজিং করার বিষয়টি সবাইকে আরও অবাক করে।
খাজা জানিয়েছেন, এত বছর পরও ডার্বিশায়ারের সাবেক সতীর্থদের সঙ্গে দেখা হলে সেই ভুয়া অ্যাকাউন্টের গল্পই প্রথমে উঠে আসে। ক্রিকেটের মাঠের বাইরের এই দুষ্টুমি এখন তাঁর আত্মজীবনীর অন্যতম আলোচিত ঘটনা।
কালের আলো/এসএ/এএইচ











-20261121140412.jpg)








