Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০২:৩১ পিএম

ই-রিকশার আয়ু দ্বিগুণেরও বেশি

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০২:৩১ পিএম

ই-রিকশার আয়ু দ্বিগুণেরও বেশি

ব্যাটারিচালিত ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল এক লাফে পাঁচ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করেছে সরকার। অর্থাৎ আগের তুলনায় আরও সাত বছর সড়কে চলার সুযোগ পাচ্ছে তিন চাকার এই যান। তবে আয়ুষ্কাল বাড়লেও নিয়ন্ত্রণে আনা হচ্ছে গতি। সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ থেকে কমিয়ে ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। নতুন বিধিমালায় একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

  • পাঁচ বছর থেকে বেড়ে ১২ বছর 
  • সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার 
  • পুরোনো যানবাহনের চাপ বাড়ার শঙ্কা

সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত এবং নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নতুন বিধিমালা দেশের সব সিটি করপোরেশন এলাকায় কার্যকর হবে। একই সঙ্গে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর জারি করা আগের বিধিমালাটি বাতিল করা হয়েছে।

নতুন নিয়মে ১২ বছর পূর্ণ হলে সংশ্লিষ্ট ই-রিকশার নিবন্ধন ও নম্বর প্লেট বাতিল করতে হবে। তবে নিবন্ধনের মেয়াদ পাঁচ বছরই রাখা হয়েছে। অর্থাৎ প্রতি পাঁচ বছর পর নিবন্ধন নবায়ন করতে হবে। আগে পাঁচ বছর শেষে ই-রিকশা স্ক্র্যাপ বা বিনষ্ট করার বিধান ছিল।

আয়ুষ্কাল সাত বছর বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদরা। তাদের আশঙ্কা, দীর্ঘ সময় ব্যবহারের সুযোগে পুরোনো ও জরাজীর্ণ ই-রিকশার সংখ্যা বাড়তে পারে। এতে সড়কের নিরাপত্তা ঝুঁকি এবং যানবাহন নিয়ন্ত্রণের চ্যালেঞ্জও বাড়বে।

এক এনআইডির বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে। আগের বিধিমালায় এই সংখ্যা ছিল তিনটি। প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বর প্লেট দেওয়া হবে।

দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং চার যাত্রী ধারণক্ষমতার জন্য ১০ হাজার টাকা। নবায়ন ফি যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা। ফিটনেস সনদের ফি এক হাজার টাকা। নিবন্ধনের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক এবং কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেওয়ার বিধান রাখা হয়েছে।

গতিসীমা কমল, বাড়ল যাত্রী ধারণক্ষমতা
নতুন বিধিমালায় ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার করা হয়েছে। স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় এই সীমা আরও কমিয়ে ১৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার অথবা ওডোমিটার স্থাপন করতে হবে।

যাত্রী বহনের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও আকার অনুযায়ী দুই অথবা চারজন বহনের সুযোগ রাখা হয়েছে। তবে নির্ধারিত ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়া যাবে না। যাত্রীর হাতে বহনযোগ্য ব্যক্তিগত মালামাল ছাড়া অন্য কোনো বাণিজ্যিক পণ্য পরিবহন নিষিদ্ধ। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, নিয়মবহির্ভূত ওভারটেকিং, বেআইনিভাবে লেন পরিবর্তন এবং ৪০ ডেসিবলের বেশি শব্দের হর্ন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

মহাসড়কে চলবে না ই-রিকশা
জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) করিডরে ই-রিকশা চলাচল করতে পারবে না। ফুটপাতেও এসব যান চলাচল নিষিদ্ধ। সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ যৌথভাবে জোনভিত্তিক রুট, চলাচলের এলাকা, ই-রিকশার সংখ্যা ও রং নির্ধারণ করবে। এক জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে চলতে পারবে না।

ই-রিকশার কাঠামো ও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মান অনুসরণ করতে হবে। পুরোনো ই-রিকশাগুলোর কাঠামো নির্ধারিত মান অনুযায়ী সংশোধন করে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে নিবন্ধনের সুযোগ পাবে। পাশাপাশি চালকদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা ও যানবাহন রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

ব্যাটারি ব্যবস্থাপনাতেও নতুন শর্ত দেওয়া হয়েছে। ব্যবহৃত বা অকার্যকর ব্যাটারি মাটি, জলাশয় কিংবা সাধারণ বর্জ্যের সঙ্গে ফেলা যাবে না। নতুন ব্যাটারি বিক্রির সময় পুরোনো ব্যাটারি সংগ্রহ করে অনুমোদিত পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠাতে হবে। ব্যাটারি চার্জের জন্য সিটি করপোরেশনের অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত চার্জিং পয়েন্ট ব্যবহার করতে হবে। এসব স্থানে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ব্যবস্থাও রাখতে হবে।

বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
নতুন বিধিমালায় নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, অতিরিক্ত গতিতে চলাচল, অতিরিক্ত যাত্রী বহন, অনুমোদনহীন ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ সড়কে চলাচল এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান মনে করেন, নতুন বিধিমালায় বিদ্যমান ই-রিকশাগুলো নিয়ন্ত্রণে আনার সুস্পষ্ট পরিকল্পনার ঘাটতি রয়েছে। এক এনআইডির বিপরীতে একাধিক ই-রিকশা নিবন্ধনের সুযোগ বাণিজ্যিক বিনিয়োগকারীদের প্রভাব বাড়াতে পারে, যা প্রান্তিক চালকদের স্বার্থের পরিপন্থী।

তার মতে, আবাসিক এলাকা ও অভ্যন্তরীণ সড়কে গতিসীমা, ব্যাটারি ব্যবস্থাপনা এবং আইন অমান্যের শাস্তির বিষয়েও বিধিমালায় ঘাটতি রয়েছে। নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে ই-রিকশার সংখ্যা নির্ধারণ, চলাচলের এলাকা ভাগ করা এবং সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের সমন্বয় জরুরি।

প্রসঙ্গত, ই-রিকশার আয়ুষ্কাল পাঁচ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করার সিদ্ধান্তই নতুন বিধিমালার সবচেয়ে বড় পরিবর্তন। কিন্তু দীর্ঘ সময় ব্যবহারের সুযোগে পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহনের সংখ্যা কতটা বাড়বে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। ফলে আয়ুষ্কাল বাড়ানোর পাশাপাশি ফিটনেস নিশ্চিত করা এবং চলাচল নিয়ন্ত্রণের বিধান কার্যকর করতে পারাই হবে সরকারের বড় পরীক্ষা।

কালের আলো/ওয়াইএ/এমকে

Link copied!