Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১১:১১ এএম

বহিষ্কৃতদের ফেরাতে নমনীয় বিএনপি

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১১:১১ এএম

বহিষ্কৃতদের ফেরাতে নমনীয় বিএনপি

রাজনীতির মাঠে কখনো দূরত্ব তৈরি হয়, কখনো সেই দূরত্ব ঘোচাতে এগিয়ে আসে সমঝোতার হাত। বিএনপিতেও এখন তেমন এক পরিবর্তনের আভাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া, বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া কিংবা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের জন্য খুলতে যাচ্ছে প্রত্যাবর্তনের দরজা। নির্বাচনের আগে যাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল দল, নির্বাচনের পর তাদের অনেককেই আবার পাশে পেতে চাইছে বিএনপির হাইকমান্ড। ৯২ নেতা ও তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে ঘিরে চলছে এই নতুন হিসাব-নিকাশ।

  • নির্বাচনী বিদ্রোহে বহিষ্কৃত ৯২ নেতা ও পাঁচ শতাধিক তৃণমূল কর্মীর শাস্তি পুনর্বিবেচনা 
  • ক্ষমা চেয়ে দলে ফেরার আবেদন 
  • স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা 

এটি কেবল কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয় নয়, বরং নির্বাচনী বিরোধের পর দলের অভ্যন্তরীণ সম্পর্ক পুনর্গঠনেরও একটি উদ্যোগ। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অবদান এবং মাঠপর্যায়ে প্রভাব বিবেচনায় নিয়ে বহিষ্কৃতদের একটি অংশকে সাধারণ ক্ষমার আওতায় আনার চিন্তা করছে দলটির নীতিনির্ধারণী মহল। এরই মধ্যে অনেকেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা চেয়েছেন এবং দলে ফেরার আবেদন করেছেন। তাদের আবেদনে ইতিবাচক সাড়া মিলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এ উদ্যোগের আওতায় শুধু বিদ্রোহী প্রার্থীরাই নন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীরাও আসতে পারেন। বিষয়টি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির আসন্ন বৈঠকে আলোচনা হওয়ার কথা। সেখানে পর্যালোচনা হবে কারা ফিরবেন, কাদের শাস্তি প্রত্যাহার হবে এবং কার ক্ষেত্রে বহিষ্কারাদেশ বহাল থাকবে।

৯২ নেতার বহিষ্কার, পাঁচ শতাধিক কর্মীর ভাগ্যও আলোচনায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সারা দেশে ৯২ নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি। গত ২১ জানুয়ারি এক দিনেই বহিষ্কৃত হন ৫৯ জন। এ ছাড়া জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া আটটি আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল।

নির্বাচনে ৭৮টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকলেও জয় পান সাতজন। তারা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল এবং এ জেড এম রেজওয়ানুল হক। এ ছাড়া অন্তত ২৮টি আসনের জয়-পরাজয়ের হিসাবেও প্রভাব রেখেছিলেন বিদ্রোহী প্রার্থীরা। বহিষ্কৃত গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন, সাইফুল আলম নিরব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম ফিরোজ।

ক্ষমা প্রার্থনা থেকে প্রত্যাবর্তনের ইঙ্গিত
দলীয় সূত্র বলছে, বহিষ্কৃতদের অধিকাংশই ইতিমধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। তাদের রাজনৈতিক অতীত, দলের প্রতি অবদান এবং বর্তমান সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত কার্যকর করার চিন্তা রয়েছে। এরই মধ্যে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করায় তিনি বহিষ্কৃত হয়েছিলেন।

অন্যদিকে, নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়েও রয়েছে আলাদা আলোচনা। ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া বাকি ছয়জন জোটবদ্ধ হয়ে বিএনপির বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আসছেন। তারা দলে ফেরার অপেক্ষায় রয়েছেন। দলীয় সূত্রের দাবি, তাদের বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাবের ইঙ্গিত পাওয়া গেছে।

বহিষ্কৃত নেতাদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের যোগাযোগ ও সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে তাদের উপস্থিতিও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান। রাজনৈতিক মহলে ঘটনাটিকে বহিষ্কৃত নেতাদের সঙ্গে নেতৃত্বের সম্পর্ক পুনর্গঠনের একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তবে সাইফুল আলম নিরবের বক্তব্য, বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তিনি ভাবছেন না। শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করেই বিএনপির রাজনীতি করছেন। নির্বাচনের পরও দলের সব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

সংসদ সদস্য এম এ হান্নানও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দলীয় চেয়ারম্যানের ওপর আস্থা প্রকাশ করেছেন। তাঁর মতে, বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে এলাকার সাংগঠনিক পরিসর বাড়বে এবং নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, দল চেয়েছিল বিদ্রোহী নেতারা দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থীর পক্ষে কাজ করবেন। কিন্তু তারা সেই প্রত্যাশা পূরণ করেননি। এখন তারা ফিরতে চাইছেন। বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অনেকেই মনে করেন, বিএনপির সামনে এখন দুটি হিসাব—একদিকে দলীয় শৃঙ্খলার প্রশ্ন, অন্যদিকে সাংগঠনিক ঐক্য ও শক্তি পুনর্গঠনের প্রয়োজন। বহিষ্কৃতদের প্রত্যাবর্তনের উদ্যোগ সেই দুইয়ের মধ্যে সমন্বয় ঘটানোর একটি প্রচেষ্টা। তবে শেষ পর্যন্ত কারা ফিরবেন, কাদের জন্য খুলবে দলের দরজা, আর কারা থাকবেন বহিষ্কারের তালিকায়—সেই উত্তর মিলবে স্থায়ী কমিটির সিদ্ধান্তের পরই।

কালের আলো/ডিএইচ/এমকে

Link copied!