রাজশাহী বিভাগের ৬৮টি উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়নে দুই হাজার ৩৪৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে প্রকল্পের আওতায় উপজেলাভেদে বরাদ্দের ক্ষেত্রে বড় ধরনের ব্যবধান দেখা গেছে। কোনো উপজেলায় সর্বোচ্চ ৫০ কোটি টাকার কাজ প্রস্তাব করা হলেও কোনো উপজেলায় বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১১ কোটি ৬৮ লাখ টাকা। একই ধরনের সড়ক উন্নয়ন প্রকল্পে এই বড় ব্যবধানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।
‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প—রাজশাহী বিভাগ’ শীর্ষক প্রকল্পের মূল্যায়ন কমিটির (পিইসি) সভার কার্যপত্রে এ চিত্র উঠে এসেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে এলজিইডি। প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩১ সালের ৩১ মার্চ পর্যন্ত সাড়ে চার বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে পুরো অর্থায়ন আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
এক উপজেলায় ৫০ কোটি, অন্যটিতে ১১ কোটি ৬৮ লাখ
প্রকল্পের নথি অনুযায়ী, রাজশাহীর বাগমারা উপজেলায় সড়ক উন্নয়ন ও পুনর্বাসনসহ বিভিন্ন কাজে ৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। একই পরিমাণ অর্থের কাজ প্রস্তাব করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়ও। বিপরীতে জয়পুরহাটের কালাই উপজেলায় একই ধরনের গ্রামীণ সড়ক উন্নয়ন কাজে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে মাত্র ১১ কোটি ৬৮ লাখ টাকা।
দুই উপজেলার প্রস্তাবিত ব্যয়ের ব্যবধান ৩৮ কোটি ৩২ লাখ টাকা। অর্থাৎ কালাইয়ের তুলনায় বাগমারায় প্রায় ৪ দশমিক ৩ গুণ অর্থ ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২৫ কোটি ৬১ লাখ ৫০ হাজার এবং আক্কেলপুরে ১৬ কোটি ৫০ লাখ টাকার কাজ প্রস্তাব করা হয়েছে।
রাজশাহীর তানোরে ২৫ কোটি ১ লাখ ২০ হাজার, মোহনপুরে ২৫ কোটি ৩ লাখ ২০ হাজার এবং গোদাগাড়ীতে ২২ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকার কাজ রাখা হয়েছে। একই জেলার উপজেলাগুলোর মধ্যেও কয়েক কোটি টাকার ব্যবধান রয়েছে।
বগুড়া ও সিরাজগঞ্জেও ব্যয়ের পার্থক্য
বগুড়া জেলার উপজেলাগুলোর ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গেছে। প্রকল্পের নথি অনুযায়ী, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় গ্রামীণ সড়ক উন্নয়নে ৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। সোনাতলায় প্রস্তাবিত ব্যয় ২৮ কোটি ৮০ লাখ টাকা। আদমদীঘি, দুপচাঁচিয়া ও কাহালুতে প্রায় ২৫ কোটি টাকা করে এবং সারিয়াকান্দিতে প্রায় ২১ কোটি ২০ লাখ টাকার কাজ রাখা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় প্রায় ৫০ কোটি টাকা করে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে চৌহালিতে প্রায় ২৪ কোটি এবং বেলকুচিতে ২৫ কোটি ৯৭ লাখ টাকার কাজ রাখা হয়েছে। কামারখন্দ ও রায়গঞ্জেও ইউনিয়ন ও গ্রামীণ সড়ক উন্নয়নের প্রস্তাব রয়েছে।
নাটোর জেলার লালপুর, বাগাতিপাড়া, সদর, নলডাঙ্গা, সিংড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়ক উন্নয়ন এবং পুনর্বাসনের কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব উপজেলার কয়েকটিতে প্রায় ২৫ কোটি টাকা করে ব্যয় প্রস্তাব করা হয়েছে।
প্রায় ১ হাজার ৪৪৬ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা
প্রকল্পের আওতায় রাজশাহী বিভাগের আট জেলার ৬৮টি উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে। এর মধ্যে রয়েছে ৩৬ দশমিক ৭৫ কিলোমিটার উপজেলা সড়ক, ১৩০ দশমিক ৬০ কিলোমিটার ইউনিয়ন সড়ক এবং ৯৫২ দশমিক ৬২ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন।
এ ছাড়া ৩২৫ দশমিক ৭১ কিলোমিটার সড়ক পুনর্বাসন, ১২৪ মিটার সেতু, ৫৪৪ মিটার বক্স কালভার্ট এবং ১৮ হাজার মিটার ইউ-ড্রেন নির্মাণের প্রস্তাব রয়েছে। সড়কের পাশে ৪০৮ কিলোমিটার এলাকায় বৃক্ষরোপণের পরিকল্পনাও রাখা হয়েছে। সব মিলিয়ে নতুন সড়ক উন্নয়ন ও পুনর্বাসনের আওতায় আসবে প্রায় এক হাজার ৪৪৬ কিলোমিটার সড়ক।
প্রকল্পের পটভূমিতে বলা হয়েছে, রাজশাহী বিভাগে মোট সড়কের দৈর্ঘ্য ৩৯ হাজার ৮৮৬ কিলোমিটার। এর মধ্যে উপজেলা সড়ক পাঁচ হাজার ৬৬৪ কিলোমিটার, ইউনিয়ন সড়ক পাঁচ হাজার ৬৩৮ কিলোমিটার এবং গ্রামীণ সড়ক ২৮ হাজার ৬০২ কিলোমিটার। এসব সড়কের বড় একটি অংশ এখনো কাঁচা। উপজেলা সড়কের ৩৭৮ কিলোমিটার, ইউনিয়ন সড়কের এক হাজার ২৭৭ কিলোমিটার এবং গ্রামীণ সড়কের ২০ হাজার ৫০৫ কিলোমিটার এখনো পাকা হয়নি।
গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে প্রত্যন্ত এলাকার সঙ্গে উপজেলা ও জেলা সদরের যোগাযোগ বাড়ানো, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ও বাজারজাতকরণ সহজ করা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাতায়াতের সুযোগ বাড়ানো প্রকল্পটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান সৃষ্টির কথাও উল্লেখ করা হয়েছে।
ব্যয়ের যৌক্তিকতা জানতে চায় পরিকল্পনা কমিশন
উপজেলাভেদে বরাদ্দের এত বড় ব্যবধানের পেছনে কী ধরনের বিবেচনা কাজ করেছে, তা জানতে চেয়েছে পরিকল্পনা কমিশন। কার্যপত্রে বলা হয়েছে, কোনো উপজেলায় সর্বোচ্চ ৫০ কোটি টাকা এবং কোনো উপজেলায় সর্বনিম্ন ১১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এই পার্থক্যের পেছনে সড়কের দৈর্ঘ্য, অবকাঠামোগত চাহিদা ও অন্যান্য বিষয় কীভাবে বিবেচনায় নেওয়া হয়েছে, তা পিইসি সভায় ব্যাখ্যা করতে হবে।
তবে শুধু বরাদ্দের অঙ্কের পার্থক্য দিয়ে উন্নয়নবৈষম্য চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব নয়। কোনো উপজেলায় কত কিলোমিটার সড়ক নির্মাণ, সংস্কার ও পুনর্বাসন করা হবে, সেখানকার জনসংখ্যা, আয়তন এবং যোগাযোগের প্রয়োজনীয়তা কতটা—এসব বিষয়ও বিবেচনায় নেওয়া জরুরি। পরিকল্পনা কমিশনের আপত্তির মূল বিষয় হলো, প্রস্তাবিত ব্যয়ের পেছনে যথাযথ তথ্য ও যৌক্তিক ভিত্তি রয়েছে কি না।
প্রশাসনিক ব্যয় কমানোর সুপারিশ
এলাকাভিত্তিক বরাদ্দের পাশাপাশি প্রকল্পের কয়েকটি খাতের ব্যয় নিয়েও আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন। সমজাতীয় চলমান প্রকল্পের সঙ্গে তুলনা করে ইউ-ড্রেন নির্মাণের প্রাক্কলিত দর যাচাইয়ের সুপারিশ করেছে সংস্থাটি।
এ ছাড়া প্রকল্পের বিভিন্ন পরিচালন ও প্রশাসনিক ব্যয় কমানোর বিষয়ে মত দিয়েছে কমিশন। পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে ১০ লাখ, অনিয়মিত শ্রমিকের মজুরি ২০ লাখ, অভ্যন্তরীণ ভ্রমণ ১০ লাখ, বইপত্র ও সাময়িকী ১০ লাখ এবং নিরাপত্তাসেবা সংগ্রহে দুই কোটি ৬০ লাখ টাকা বাদ দিয়ে প্রকল্প প্রস্তাব পুনর্গঠনের বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে।
পাশাপাশি আবাসিক টেলিফোন নগদায়ন, বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ও অন্যান্য ভাতা, পরিবহনসেবা, প্রচার ও বিজ্ঞাপন এবং আউটসোর্সিং খাতের ব্যয়ও পর্যালোচনার সুপারিশ করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, উন্নয়ন প্রকল্পে ব্যয় নির্ধারণের ক্ষেত্রে এলাকার প্রকৃত চাহিদা, সড়কের পরিমাণ, যোগাযোগব্যবস্থার অবস্থা এবং জনগণের প্রয়োজন বিবেচনায় নেওয়া জরুরি। একটি উপজেলায় ৫০ কোটি টাকার কাজের বিপরীতে অন্য উপজেলায় ১১ কোটি ৬৮ লাখ টাকার কাজ রাখা হয়েছে। এই বড় ব্যবধানের যৌক্তিক ভিত্তি জানতে চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু সমান ব্যয় নির্ধারণ করলেই বৈষম্য দূর হবে, বিষয়টি এমন নয়। যে এলাকায় অবকাঠামোগত চাহিদা বেশি, সেখানে ব্যয়ও বেশি হতে পারে। তবে সেই ব্যয়ের পেছনে সুনির্দিষ্ট তথ্য ও যৌক্তিকতা থাকতে হবে। প্রকল্পের ব্যয় প্রাক্কলন ও এলাকাভিত্তিক প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করে ডিপিপি সংশোধনের বিষয়ে সুপারিশ করা হবে।
এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি প্রকল্প
প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রয়েছে। ফলে এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি এটি। পিইসি সভার সুপারিশের ভিত্তিতে ব্যয় ও অন্যান্য বিষয় সংশোধনের পর অনুমোদনের জন্য পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহী বিভাগের প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়ার সুযোগ তৈরি হতে পারে। তবে তার আগে উপজেলাভিত্তিক বরাদ্দের পার্থক্য এবং প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয়ের যৌক্তিকতা স্পষ্ট করতে হবে।
কালের আলো/এসএ/এমএসআইপি
