রাজনীতি মানেই শুধু ক্ষমতা কিংবা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন নয়; তার আগে প্রয়োজন নিজেকে একজন যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। আগামীর প্রজন্মের প্রতি এমনই এক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তরুণদের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করলেও সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়ার আগে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন তিনি। আর সেই প্রস্তুতির পাঠ দিতে গিয়ে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছেন নাগরিক জীবনের তিনটি সহজ অথচ গুরুত্বপূর্ণ দায়িত্ব—পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি মমতা।
- শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমানের পরামর্শ—পরিচ্ছন্নতা, গাছ লাগানো ও প্রাণীর প্রতি ভালোবাসা দিয়ে শুরু হোক দায়িত্বশীলতার চর্চা
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনের বিরতিকালে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পান শিক্ষার্থীরা।
সাক্ষাৎকারীদের একটি বড় অংশই ছিলেন কৃতী শিক্ষার্থী। লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী এসেছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবকসহ। তাঁদের সঙ্গে ছিলেন দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী এবং ছয়জন শিক্ষক। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষকও এ পরিদর্শনে অংশ নেন।
তিন পরামর্শে নাগরিক দায়িত্বের পাঠ
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম বার্তা ছিল পরিচ্ছন্নতা নিয়ে। নিজের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব প্রত্যেক নাগরিকের—এ কথা স্মরণ করিয়ে দেন তিনি। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।
দ্বিতীয় বার্তায় ছিল প্রকৃতির প্রতি দায়িত্ববোধ। বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ দিন উদ্যাপনের সঙ্গে পরিবেশ রক্ষার এই অভ্যাসকে যুক্ত করার পরামর্শ দেন তিনি।
তৃতীয় বার্তাটি ছিল মানবিকতার। পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
সংসদ দেখার অভিজ্ঞতায় নতুন প্রজন্ম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তাঁরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
জিপিএ-৫ অর্জনের স্বীকৃতি নিয়ে সংসদ ভবনে আসা শিক্ষার্থীদের জন্য দিনটি তাই কেবল একটি দর্শনীয় স্থান পরিদর্শনের অভিজ্ঞতায় সীমাবদ্ধ থাকেনি। রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে তাঁরা পেয়েছেন নাগরিক দায়িত্ব, পরিবেশ সচেতনতা ও মানবিকতারও এক গুরুত্বপূর্ণ পাঠ।
কালের আলো/এমএসআইপি/জেএন
