একটি শিশুর হাতে থাকার কথা বই, স্বপ্ন আর সম্ভাবনা। অথচ সেই শৈশবই কারও কারও কাছে আটকে যায় শ্রমের বোঝায়, কারও জীবনে অকালেই নেমে আসে বিয়ের দায়। এই বাস্তবতা বদলাতে শুধু সরকারি কর্মসূচি কিংবা আইনের প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে তেমনই একটি সম্মিলিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ-লেড ডায়ালগ – ফাইভ জিরো মুভমেন্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে।
- বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ার আহ্বান
- পুষ্টি-শিক্ষা ও নিরাপত্তায় নতুন পরিকল্পনার কথা জানালেন তিন
দারিদ্র্যের কারণে যেন থেমে না যায় শিশুর শিক্ষাযাত্রা
শিশুর বিদ্যালয়মুখী হওয়ার পথে দারিদ্র্য যেন বাধা না হয়ে দাঁড়ায়, সে প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কার 'খাদ্যের বিনিময়ে শিক্ষা' কর্মসূচি ও উপবৃত্তির কথা তুলে ধরেন মন্ত্রী। জানান, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার মিড ডে মিল কর্মসূচি চালু করেছে। শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য কমাতে সবার জন্য একই ধরনের পোশাক, জুতা ও স্কুল ব্যাগ দেওয়ার লক্ষ্যেও কাজ চলছে। এসব উদ্যোগ নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিশুর সুস্থতার লড়াইয়ে মায়ের পুষ্টিও গুরুত্বপূর্ণ
শিশুর ভবিষ্যৎ নিয়ে ভাবনায় বাদ পড়ছে না মায়ের স্বাস্থ্যও। মা ও শিশুর অপুষ্টি দূর করতে চলমান '১০০০ দিনের কর্মসূচি'র মেয়াদ বাড়িয়ে চার বছরে উন্নীত করার চিন্তাভাবনা করছে সরকার বলে জানান তিনি। তাঁর ভাষ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে শুধু ভাতার পরিমাণ বাড়ানো হয়নি, উপকারভোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
সহিংসতা ঠেকানোর শুরু হোক পরিবার থেকেই
তবে শিশুর সুরক্ষার লড়াই কেবল বিদ্যালয়, পুষ্টি কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবারের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ মনে করেন মন্ত্রী। তাঁর মতে, মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করা গেলে সহিংসতা অনেকাংশে কমে আসবে। তাই সন্তানদের শৈশব থেকেই ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও সামাজিক সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ জানান।
পাঠ্যবইয়ের বাইরেও প্রস্তুত হোক শিশুরা
অনুষ্ঠানের আলোচনায় উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়—শিশুরা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, জীবনের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও প্রস্তুত হবে। এ লক্ষ্যে বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনদক্ষতামূলক শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক ড. জ্যারেড উইলিয়াম বেরেন্ডস। এ ছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, নারী ও শিশু অধিকারকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে



-20261125114039.webp)













-20261124163219.jpg)


