Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

সিলেট সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৩১ পিএম

সিলেটে সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা, অল্পের জন্য রক্ষা

সিলেট সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৩১ পিএম

সিলেটে সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা, অল্পের জন্য রক্ষা

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল (এমএ) মালিকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসার বাইরে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় বাসায় অবস্থান করছিলেন সংসদ সদস্য।

শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তাঁর বাসায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে পিকআপ ভ্যানে করে একদল দুর্বৃত্তকে আসতে দেখা গেছে। ভোরে তারা বাসার বাইরে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বাসার নিরাপত্তাকর্মীরা আগুন দেখতে পেয়ে দ্রুত পরিবারের সদস্যদের সতর্ক করেন। পরে তাঁরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত

সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি-সিটিএসবি (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে পিকআপ ভ্যানে করে আসা দুজন অজ্ঞাত ব্যক্তি পেট্রলবোমা নিক্ষেপ করে। পেট্রলভর্তি বোতলটি বাসার টিনের ওপর পড়লে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে বাসার নৈশপ্রহরী আগুন নেভান। এ সময় পিকআপ ভ্যানে করে দুজনকে পালিয়ে যেতে দেখেন তিনি। আগুন প্রায় এক মিনিট স্থায়ী ছিল। পেট্রল শেষ হয়ে যাওয়ার পর আগুন নিভে যায়।

আফজাল হোসেন আরও জানান, বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত চলছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশকেও যুক্ত করা হয়েছে। সকালে এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গত সপ্তাহে সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আট দিনের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!