প্রাচীনকাল থেকেই শিশুর চোখে কাজল পরানোর প্রচলন রয়েছে। অনেক মা শিশুর সৌন্দর্য বাড়াতে কিংবা কুনজর থেকে রক্ষা করতে চোখে কাজল পরান। কারও কাছে এটি পারিবারিক ঐতিহ্য, আবার কারও কাছে নিছক সৌন্দর্যচর্চা। তবে চিকিৎসকদের মতে, শিশুর কোমল চোখে কাজল ব্যবহার করা মোটেও নিরাপদ নয়। ঘরে তৈরি হোক কিংবা বাজারে পাওয়া ব্র্যান্ডের কাজল—বেশিরভাগ ক্ষেত্রেই এতে থাকা উপাদান ও ব্যবহারের পদ্ধতি শিশুর চোখের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
শিশুদের চোখ অত্যন্ত সংবেদনশীল। জন্মের পর থেকে চোখের স্বাভাবিক বিকাশ ও সুরক্ষার জন্য বিশেষ যত্ন প্রয়োজন। এ অবস্থায় চোখের ভেতরে বা চোখের পাতার কিনারায় কাজল লাগালে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কাজল লাগানোর সময় অসতর্কতা, অপরিষ্কার হাত কিংবা ব্যবহৃত কাঠির মাধ্যমে চোখে জীবাণু প্রবেশের আশঙ্কা থাকে।
সংক্রমণের ঝুঁকি বাড়ায় কাজল
শিশুর চোখে কাজল পরানোর সময় অনেকেই আঙুল, কাঠি কিংবা অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করেন। এসব উপকরণ পরিষ্কার না থাকলে সেগুলোর মাধ্যমে ব্যাকটেরিয়া সরাসরি চোখে প্রবেশ করতে পারে। এর ফলে কনজাংটিভাইটিস বা চোখ ওঠার মতো সংক্রমণ দেখা দিতে পারে। চোখ লাল হয়ে যাওয়া, পানি পড়া, চুলকানি ও অস্বস্তিও তৈরি হতে পারে। শিশু নিজের অস্বস্তির কথা বলতে না পারায় অনেক সময় সমস্যাটি বুঝতে দেরি হয়।
সিসা ও ক্ষতিকর রাসায়নিকের আশঙ্কা
কিছু কাজলে সিসা ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকতে পারে। এসব উপাদান শিশুর শরীরে প্রবেশ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ছোট শিশুরা বারবার চোখে হাত দেয় এবং পরে সেই হাত মুখে বা খাবারের সংস্পর্শে আনে। ফলে কাজলের উপাদান হাতের মাধ্যমে শরীরে প্রবেশের আশঙ্কা থাকে। তাই শুধু কাজলটি দেখতে ভালো বা পরিচিত কোনো ব্র্যান্ডের হলেই সেটিকে শিশুর জন্য নিরাপদ মনে করার সুযোগ নেই।
চোখের পানি বের হওয়ার নালী বন্ধ হতে পারে
চোখের ভেতরে কাজল জমে গেলে তা চোখের স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বা টিয়ার ডাক্টে সমস্যা তৈরি করতে পারে। এতে চোখ দিয়ে বারবার পানি পড়া, চোখের কোণে ময়লা জমা কিংবা পিচুটি হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। শিশুর চোখে এমন লক্ষণ দেখা দিলে সেটিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়।
অ্যালার্জি ও ফোলাভাবের আশঙ্কা
শিশুর ত্বক ও চোখের আশপাশের অংশ খুবই সংবেদনশীল। কাজলে থাকা বিভিন্ন উপাদানের কারণে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এতে চোখের চারপাশে লালভাব, চুলকানি, জ্বালাপোড়া কিংবা ফোলাভাব তৈরি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে শিশুর চোখে অস্বস্তি এতটাই বাড়তে পারে যে সে বারবার চোখ ঘষতে থাকে। এতে চোখে আরও জ্বালা বা ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
নজর থেকে বাঁচাতে বিকল্প কী?
শিশু চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ, ছোট শিশুদের চোখে কোনো ধরনের প্রসাধনী ব্যবহার না করাই নিরাপদ। বিশেষ করে ছয় মাসের আগে কাজল ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। দুই থেকে তিন বছর বয়স হওয়ার আগেও শিশুর চোখে কাজল বা অন্য প্রসাধনী না লাগানোর বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
অনেক পরিবারে শিশুকে নজর থেকে রক্ষা করতে কাজল পরানোর প্রচলন রয়েছে। সে ক্ষেত্রে চোখের ভেতরে বা চোখের পাতার কিনারায় কাজল না লাগিয়ে কপালে কিংবা কানের পেছনে ছোট একটি টিপ দেওয়ার বিকল্প বেছে নেওয়া যেতে পারে। এতে চোখের সংবেদনশীল অংশে প্রসাধনী ব্যবহারের প্রয়োজন হবে না।
কাজল ব্যবহারের পর শিশুর চোখে লালভাব, অস্বাভাবিক পানি পড়া, পিচুটি, চুলকানি বা ফোলাভাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুর চোখের সুস্থতা ও স্বাভাবিক বিকাশের কথা বিবেচনা করে সৌন্দর্যচর্চা কিংবা প্রচলিত রীতির চেয়ে নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দেওয়া জরুরি।
কালের আলো/এসএ/জেএন















-20261126135523.jpg)




