মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উৎস তৈরি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার। বর্তমানে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে। এটিকে আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মূল্যস্ফীতি কমাতে সরকারের উদ্যোগ
অর্থমন্ত্রী বলেন, গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। গত অক্টোবরে তা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে।
তিনি বলেন, অর্থনৈতিক নীতিনির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সার ও পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক-কর কমানো হয়েছে।
ফ্যামিলি কার্ড পাবেন ২ কোটি পরিবার
স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদন দেওয়া হয়েছে। সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার এবং ওষুধশিল্পের বিকাশেও সরকার কাজ করছে।
ঋণ পরিশোধে খেলাপি হয়নি বাংলাদেশ
দেশের ঋণ পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি।
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পৃথক ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি ও মাথাপিছু ঋণের হিসাব সম্পর্কে নাগরিকেরা জানতে পারবেন।
সরকারি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে আর্থিক ও অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব—এই চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব শর্ত পূরণ না হওয়ায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে। বাস্তবায়নের অগ্রগতি কম এমন কিছু চলমান প্রকল্পও বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিকল্প অর্থায়নে ডলার, পান্ডা ও সামুরাই বন্ড
বেসরকারি খাতে ঋণপ্রবাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের অতিরিক্ত নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থায়নের নতুন উৎস তৈরি হবে এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ সচল রাখা সহজ হবে।
করব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, কর নীতি প্রণয়ন ও কর আদায়ের দায়িত্ব আলাদা করার কাজ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও বাজারভিত্তিক করতে অনলাইন ও রিয়েল-টাইম কার্যক্রম চালু এবং বিভিন্ন প্রক্রিয়া সহজ করার কাজ চলছে।
ইলেকট্রনিকস শিল্পে কর ছাড়ের ফলে ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বড় অবকাঠামো ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে।
সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনেরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি















-20261126135523.jpg)




