জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে চলে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। তাঁর এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া অডিওতে মোবাইল ফোনে এক নারীর সঙ্গে কথা বলতে শোনা যায় মাহমুদা বেগম কৃককে। কথোপকথনের একপর্যায়ে শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন মহিলা লীগের সাবেক এই নেত্রী।
তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
‘আমরাও এ দলটি বানিয়েছি’
অডিওতে অপর প্রান্তে থাকা নারীকে মাহমুদা বেগম কৃক বলেন, ‘আমি যে বেঁচে আছি, এটাই তো বেশি।’
তিনি আরও বলেন, ‘কেন করবে? ওনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা? আমরাও এ দলটি বানিয়েছি। এটা আমাদেরও দল। ওনার একার দল না। উনি যা মনে চাইবে, তাই করবে।’
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধুর মতো হননি। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো কোনো কিছুই পাননি। শেখ হাসিনার আমাকে দেওয়ার-নেওয়ার কিছু নেই, ও আমার জন্য কিছু করতে পারবেন না। তাই আমাকে যদি ইনসাল্ট করেন, আমিও তাকে ছেড়ে দেব না। আমি কিছু মনে করি না এখন।’
‘ভবিষ্যৎ খুব খারাপ’
কথোপকথনে মাহমুদা বেগম কৃক আরও বলেন, ‘আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। তুমি লিখে রাখ, তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ। ভবিষ্যৎ খুব খারাপ, জানো? কিছুই জানো না। আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সঙ্গে যোগাযোগ রাখি।’
শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ওনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন, বলো আমাকে? কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারেন না কেন?’
কালের আলো/এএইচ/এমএসআইপি















-20261126135523.jpg)




