Kaler Alo
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:১৬ পিএম

ঢাবি শিক্ষার্থী ও মাকে হেনস্তা, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৭:১৬ পিএম

ঢাবি শিক্ষার্থী ও মাকে হেনস্তা, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

হাফ ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের একটি বাসের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় এলাকায় বাসগুলো আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে রাখা হয়।

ঘটনার প্রতিবাদে বাস আটক করার পর বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, শিক্ষার্থী প্রতিনিধি এবং পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু বিচার ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত আটক বাসগুলো ছেড়ে দেওয়া হবে না।

হাফ ভাড়া নিয়ে শুরু বাগ্‌বিতণ্ডা
ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন তাঁরা। ওই রুটে আগে ৭০ টাকা ভাড়া নেওয়া হলেও বাসের সহকারী (হেলপার) তাঁদের কাছে ৯০ টাকা দাবি করেন।

এ সময় শিক্ষার্থী হিসেবে অর্ধেক ভাড়া দিতে নিজের পরিচয়পত্র দেখান তিনি। কিন্তু হাফ ভাড়া এবং বাড়তি ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাসের সহকারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

ভুক্তভোগীর অভিযোগ, পরিস্থিতির মধ্যে বাসের চালকও জানিয়ে দেন, তাঁরা আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া নেবেন না। একপর্যায়ে বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করেন ওই শিক্ষার্থী। কিন্তু এরপরও বাসের সহকারীর অসদাচরণ বন্ধ হয়নি।

প্রতিবাদ করায় মাকেও অপমানের অভিযোগ
শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী, বাসের সহকারীর আচরণের প্রতিবাদ করেন তাঁর মা। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাস থেকে নামার পর ওই সহকারী তাঁর মাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অপমানজনক মন্তব্য করেন।

মা ও মেয়ের সঙ্গে এমন আচরণের বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শুক্রবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে ঘটনার বিবরণ জানার পর এর প্রতিবাদে বাস আটক করার সিদ্ধান্ত নেন তাঁরা।

২০টির বেশি বাস আটকের সিদ্ধান্ত
বাস আটক করা শিক্ষার্থীদের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আহসান জানান, শুক্রবার রাতে ভুক্তভোগীর কাছ থেকে বিষয়টি জানার পর তাঁরা প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন। শনিবার বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড় এলাকায় ঠিকানা পরিবহনের বাস আটক করা শুরু করেন শিক্ষার্থীরা।

সাকিবের অভিযোগ, শুধু ঠিকানা পরিবহন নয়, নীলাচল ও রমজানসহ কয়েকটি পরিবহনের বাসেও প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কখনো কখনো মাঝপথে শিক্ষার্থীদের নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনার প্রতিবাদ জানাতেই তাঁরা বাস আটক করেছেন।

শিক্ষার্থীদের দাবি, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্ধারিত হাফ ভাড়া কার্যকর করা এবং ভাড়া নিয়ে হয়রানি বন্ধে পরিবহন কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আলোচনায় বসেছে প্রক্টরিয়াল টিম ও মালিকপক্ষ
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিবাদের অংশ হিসেবে বাসগুলো আটক করা হয়েছে। তবে কোনো বাসের ক্ষতি করা হয়নি। বিষয়টি সমাধানে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, মালিকপক্ষের প্রতিনিধিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও তাঁরা আশ্বাস দিয়েছেন। পাশাপাশি প্রতিটি বাসে ভাড়ার নিয়মাবলি ও ভাড়ার তালিকা যাত্রীদের চোখে পড়ে এমন স্থানে টাঙিয়ে রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রক্টর আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিবেচনায় আপাতত একটি প্রাথমিক বোঝাপড়া হয়েছে। পরবর্তী সময়ে সরাসরি বাসের মূল মালিকদের ডেকে বিষয়টি নিয়ে আরও আলোচনা করা হবে।

তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, শুধু আশ্বাস নয়, ঘটনার গ্রহণযোগ্য সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধের নিশ্চয়তা চান তাঁরা। সে কারণে আলোচনা শেষ হলেও সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত আটক বাসগুলো ছাড়ার বিষয়ে তাঁরা সম্মত নন।

কালের আলো/এসএ/এমএস

Link copied!