দেশের ৬৪ জেলায় আগামী এক বছরের মধ্যে ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত উল্লেখ করে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কিডনি রোগে আক্রান্ত অনেক মানুষই দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়টি সম্পর্কে জানেন না। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার।
প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে উদ্যোগ
ড. এম এ মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে কাজ করবেন।
আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এম এ মুহিত আরও জানান, সারা দেশে কিডনি চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরির জন্য সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ—এই তিনটি রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞদের বক্তব্য
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি















-20261126135523.jpg)




