‘জয় বাংলা’ আওয়ামী লীগ সন্ত্রাসীদের পালানোর স্লোগান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে আতঙ্ক ছড়াতে দেওয়া হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী এসব কর্মকাণ্ড চালাচ্ছে। দেশ নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকার পরিস্থিতি ভালোভাবেই পরিচালনা করছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনের দীর্ঘ হাত তাদের ধরে ফেলবে।
নিজের বাসভবনের সামনে পেট্রোল বোমা হামলার প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে নেই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই দেশের জনজীবনে আতঙ্ক ছড়াতে পারবে না। বরং তারাই এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। হুমায়ুন কবির বলেন, তারা একটি পেট্রোল বোমা মেরে ‘জয় বাংলা’ বলে দৌড় দেয়। ‘জয় বাংলা’ বলেই পালায়। বিড়ালও তো একটু দাঁড়ায়। এদের কোনো অবস্থাই নেই। ‘জয় বাংলা’ হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পালানোর স্লোগান।
তিনি আরও বলেন, তারা পালিয়ে ওই নেত্রীর কাছেই যায়। সেখানে যেতে হবে, যদি পারে। অন্যথায় সরকার তাদের ধরে ফেলবে। প্রতিমন্ত্রী বলেন, এসব ক্ষুদ্র ও কাপুরুষ সন্ত্রাসীর কারণে দেশের মানুষ আতঙ্কিত হবে না। পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
নতুন বাংলাদেশ ও বিনিয়োগ নিয়ে বক্তব্য
বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এখানে সবার জন্য সুযোগ থাকবে। সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান।
দেশে বিদেশি বিনিয়োগ আসছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন বিনিয়োগ অংশীদারত্ব ও সহযোগিতামূলক উদ্যোগ গড়ে উঠছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার।
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সাড়া
রোহিঙ্গা ইস্যুতে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যা এবং তাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সাড়াও পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান অত্যন্ত শক্তিশালী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যে নেতৃত্ব তুলে ধরছেন, তা স্পষ্ট ও গ্রহণযোগ্য।
কালের আলো/এএইচ/এমএসআইপি



















