Kaler Alo
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০২:৫১ পিএম

পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে শেখ হাসিনাকে রিজভীর প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০২:৫১ পিএম

পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে শেখ হাসিনাকে রিজভীর প্রশ্ন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের কাছে ধর্না দিচ্ছেন কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নেই। দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন বলে মনে করলে তিনি ভুল করবেন।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করছেন কোন লজ্জায়? তিনি কি মনে করেছেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন আর দেশের মানুষ বসে বসে তা দেখবে?’

বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে সমর্থন নেওয়ার চেষ্টা
রিজভী বলেন, শেখ হাসিনা বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সমর্থন বা স্বীকৃতি নেওয়ার চেষ্টা করছেন, যাতে দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। একসময় তিনি অনেক কথা বলতেন, এখন কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন—এ প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছিল। তখন আওয়ামী লীগের নেতারা বলতেন, আদালত ও আইন নিজস্ব গতিতে চলে। শেখ হাসিনার ক্ষেত্রেও আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে।

শহীদ পরিবারের কাছে কীভাবে ফিরবেন
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, দেশে ফিরলে তাকে সংবর্ধনা জানাবে কে? আবু সাঈদের মা, মুগ্ধের বাবা, নাকি আহনাফের স্বজনেরা? যেসব পরিবারের সন্তান আন্দোলনে প্রাণ হারিয়েছেন, তারা কি তাকে সংবর্ধনা জানাবেন?

তিনি বলেন, আন্দোলনে বহু তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। সেই আত্মত্যাগ ভুলে গিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আবার ফ্যাসিবাদ চালু করবেন, আর দেশের মানুষ তা মেনে নেবে—এমনটা ভাবলে তিনি ভুল করবেন।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন
আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশে গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল। রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এবং সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। মাত্র চারটি সংবাদপত্র রেখে অন্যগুলো বন্ধ করে দেওয়া হয়। মানুষের কথা বলা ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

রিজভীর ভাষ্য, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। পাকিস্তানি শাসকেরা সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা দিতে চায়নি বলেই এ দেশের মানুষ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার পরও জনগণের ওপর নির্যাতন চালানো হয়। রক্ষীবাহিনীর অত্যাচার ও নিপীড়নের ঘটনাও ছিল ভয়াবহ।

তিনি বলেন, ৭ নভেম্বরের গণজাগরণের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির ক্ষমতার কেন্দ্রে আসেন। ৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৭ নভেম্বর তিনি মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলেন এবং দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেন।

অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে জিয়ার অবদানের কথা
রিজভী বলেন, দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল। প্রবাসী শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের পাঠানো রেমিট্যান্সকে অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তার অবদান রয়েছে।

তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি দেশকে চাল রপ্তানির পর্যায়েও নিয়ে গিয়েছিলেন তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রিজভী বলেন, জিয়াউর রহমান স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন। দেশের স্বার্থ যার সঙ্গে রক্ষা হবে, তার সঙ্গেই বন্ধুত্বের নীতি অনুসরণ করেছিলেন তিনি। চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

কালের আলো/এমএসআইপি/জেএন

Link copied!