Kaler Alo
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০২:২৪ এএম

মেট্রোরেল ঘিরে নিরাপত্তা জোরদার, ভবন মালিকদের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০২:২৪ এএম

মেট্রোরেল ঘিরে নিরাপত্তা জোরদার, ভবন মালিকদের বিশেষ নির্দেশনা

রাজধানীতে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পর মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে থাকা ভবনগুলোর মালিক ও ব্যবহারকারী প্রতিষ্ঠানকে নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হচ্ছে। এ জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে। কিছু এলাকায় মৌখিকভাবেও সতর্কতা ও নির্দেশনা দেওয়া হচ্ছে।

কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩ অনুসারে সংশ্লিষ্ট থানা-পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ করছে। পরে সেগুলো পুলিশের নথিতে সংরক্ষণ করা হচ্ছে। রাজধানীর মিরপুর, পল্লবী ও মতিঝিল এলাকা ঘুরে এ তথ্য জানা গেছে।

তবে এলাকাভেদে পুলিশের উদ্যোগে কিছুটা পার্থক্য রয়েছে। মিরপুর ও পল্লবী এলাকায় ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক ও নির্দেশনা দেওয়া হলেও মতিঝিল এলাকায় লিখিত অঙ্গীকারনামা নিয়েছে পুলিশ। মতিঝিল মেট্রোস্টেশনসংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয় থেকেও এ ধরনের অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

মতিঝিলে লিখিত, মিরপুরে মৌখিক নির্দেশনা

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির নিরাপত্তা কর্মকর্তা বলেন, মতিঝিল থানাপুলিশ তাঁদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিয়েছে। নাশকতা প্রতিরোধে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।

মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মেট্রোরেলের কাছাকাছি যেসব প্রতিষ্ঠান বা ভবন রয়েছে, শুধু সেগুলোর কাছ থেকেই অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। বিষয়টি মূলত মানুষকে সচেতন করার উদ্যোগ। যাতে কেউ নাশকতার চেষ্টা করলে বা আশপাশে কোনো দুষ্কৃতকারীকে দেখলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক হতে পারেন।

তিনি আরও বলেন, নির্দেশনা পেয়েই তাঁরা মানুষকে সচেতন করছেন। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানো সম্ভব হবে। এতে জননিরাপত্তাও বিঘ্নিত হবে না।

ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ

অঙ্গীকারনামায় বলা হয়েছে, ভবনের ভেতরে, বারান্দায় কিংবা ছাদে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাষ্ট্রবিরোধী, জননিরাপত্তা বিঘ্নকারী বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ভবনমালিক ও ভাড়াটেদের সচেতন থাকতে হবে।

মেট্রোরেল স্থাপনার দিকে ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণ ও নজরদারি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় স্থানে স্ক্রিন বা পর্দা ব্যবহার এবং ভবনে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখার নির্দেশনা রয়েছে।

ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অফিস চলাকালে এবং বিশেষ করে অফিস সময়ের পর রাতে অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা, কর্মচারী বা বহিরাগত ব্যক্তি এসব স্থানে যেতে পারবেন না। এ জন্য নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক টহলের ব্যবস্থা রাখতে হবে।

এ ছাড়া ভবনের কোনো বাসিন্দা, ভাড়াটে কিংবা নতুন করে ভাড়া নিতে আসা ব্যক্তির চলাফেরা বা আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানাপুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষকে জানাতে হবে। ভবনের কোনো অংশ নতুন করে ভাড়া দেওয়া বা অন্য কারও কাছে হস্তান্তর করা হলে নতুন ব্যবহারকারীকে অঙ্গীকারনামার শর্তগুলো জানাতে হবে। সেগুলো মেনে চলা নিশ্চিত করার দায়িত্বও ভবনমালিকের।

শর্ত ভঙ্গ করলে আইনি ব্যবস্থার বিধান

অঙ্গীকারনামায় আরও বলা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করা হলে কিংবা সংশ্লিষ্ট ভবনে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে প্রচলিত আইন ও কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

অন্যদিকে, গত ১৮ নভেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানের সরকারি সম্পদ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অগ্নিসংযোগসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়। কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নির্দেশনা পালনে ব্যর্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!