দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরেন প্রতিনিধিরা
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন তাঁরা। দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা এবং গবেষণায় প্রণোদনা দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রীদের জন্য আবাসিক হলের সংখ্যা তুলনামূলক কম। ফলে ছাত্রীদের আবাসনসংকট আরও তীব্র হচ্ছে। এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তাঁরা।
সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, এ বিশ্ববিদ্যালয় তাঁর মতো সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ
দেশের উচ্চশিক্ষার বর্তমান মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। শিক্ষার বিভিন্ন স্তর ও ধারাকে সমন্বিত করে একটি কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন রাষ্ট্রপতি।
উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যালামনাইদের ভূমিকার আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে সাবেক শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, গবেষণার প্রসার এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে অ্যালামনাইদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও আলোচনায় উঠে আসে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএ/এমএসআইপি






-20261129135955.jpg)


-20261129134149.webp)




-20261126135523.jpg)




-20261126133922.jpg)
