রাজধানী ঢাকার জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে প্রায় তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি বা বিকল্প শহর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ রেখে নতুন আবাসিক এলাকা গড়ে তোলা হলে কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিতভাবে বসবাসের সুযোগ তৈরি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই বলেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে।
তিনি বলেন, রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশসড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগব্যবস্থাকে সমন্বিতভাবে গড়ে তুলে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতির উপযোগী করাই সরকারের লক্ষ্য।
সম্ভাব্যতা যাচাইয়ের পর চূড়ান্ত হবে পরিকল্পনা
প্রকল্পটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে মনদীপ ঘরাই জানান, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ‘রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে নেওয়া হচ্ছে পৃথক উদ্যোগ। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।’
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার (ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক প্ল্যান) সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রস্তাবিত সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল ও সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে নাগরিক সুবিধাসহ সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ কমিউনিটি গড়ে তোলার প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে।
সাতটি এলাকায় প্রস্তাবিত প্রকল্পের স্থান
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি অনুযায়ী, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় কেরানীগঞ্জের ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত স্থানটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটির সদস্যরা গত ১৬ এপ্রিল সরেজমিনে পরিদর্শন করেন। স্থানটি ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর এলাকায় বিস্তৃত।
নথিতে বলা হয়েছে, প্রস্তাবিত এলাকার প্রায় ৫ থেকে ৮ শতাংশ জায়গায় বসতবাড়ি রয়েছে। বাকি অংশের অধিকাংশই এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হয়। এসব ফসলি মাঠে বিভিন্ন আবাসন কোম্পানির বিলবোর্ডও দেখা গেছে।
প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়কের প্রস্তাবিত এলাকা রয়েছে। এ সড়ক বাস্তবায়িত হলে সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকার মোহাম্মদপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে।
প্রকল্প এলাকার প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্প এলাকায় দুটি প্রধান প্রবেশসড়ক রাখার সুপারিশ করা হয়েছে। সেকেন্ডারি সিটির প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একর জমির প্রকল্প নেওয়া প্রয়োজন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
নথিতে আরও বলা হয়েছে, রাজধানীর জনসংখ্যার চাপ কমাতে মোহাম্মদপুরের পাশের এ স্থানটি সেকেন্ডারি সিটি প্রকল্পের জন্য উপযোগী। এর মাধ্যমে এলাকায় অপরিকল্পিত নগরায়ণের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে সরকারি আবাসন প্রকল্পে মানুষের বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।
১৫ আবাসন প্রকল্পে চলছে ফ্ল্যাট নির্মাণ
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে তাদের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন আরও নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ ছাড়া রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।
জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প-সহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থাও রাখার লক্ষ্য রয়েছে। মানুষের সামর্থ্যের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি





-20261128005428.jpg)













-20261126135523.jpg)
