গাজীপুরের টঙ্গীর ১৯টি বস্তিকে ঘিরে গড়ে উঠেছে মাদকের বড় বাজার। এসব বস্তিতে দুই শতাধিক পাইকারি মাদক কারবারি সক্রিয় বলে গোয়েন্দা ও একাধিক সরকারি সংস্থার সূত্র জানিয়েছে। পাশাপাশি বস্তিগুলোতে বেড়ে ওঠা কিশোরদের নিয়ে গড়ে উঠেছে অর্ধশতাধিক কিশোর গ্যাং। প্রতিটি গ্রুপে রয়েছে ১০ থেকে ২৫ জন সদস্য।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুরাগ নদকে কেন্দ্র করে টঙ্গী ও ঢাকার উত্তরার মধ্যে মাদক কারবারিদের চলাচল রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক এলাকায় অভিযান চালালে নদ পার হয়ে অন্য এলাকায় চলে যায় তারা। তবে মাদকের বড় বাজার গড়ে উঠেছে টঙ্গীতেই। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
বস্তিতে সক্রিয় মাদক কারবারিরা
সরকারি বিভিন্ন সংস্থার সূত্রের বরাতে জানা গেছে, টঙ্গীর ১৯টি বস্তিতে দুই শতাধিক পাইকারি মাদক কারবারি সক্রিয়। তাঁদের মধ্যে ৫০ জনের বেশি সীমান্ত এলাকা থেকে মাদক সরবরাহ করেন। এই সরবরাহকারীদের দেখভালের জন্য রয়েছেন ১০ জনের বেশি শীর্ষ কারবারি।
সূত্রগুলোর দাবি, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীর্ষ মাদক কারবারিদের অবস্থান ও রাজনৈতিক আশ্রয় বদলালেও কারবারির সংখ্যা খুব একটা কমে না। ফলে বিভিন্ন সময়ে অভিযান চালানো হলেও মাদক ব্যবসা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
টঙ্গী শিল্পাঞ্চলে গড়ে ওঠা এসব বস্তিতে পাঁচ লাখের বেশি মানুষের বসবাস বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের বড় একটি অংশ বহিরাগত ও বেকার। স্থানীয় সূত্রগুলোর দাবি, এসব বস্তির কিছু বাসিন্দা মাদক কারবার, ছিনতাই, চুরি-ডাকাতি ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত।
অর্ধশতাধিক কিশোর গ্যাং
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, বস্তিগুলোতে বেড়ে ওঠা কিশোরদের নিয়ে ৫০টির বেশি গ্রুপ গড়ে উঠেছে। প্রতিটি গ্রুপে সদস্যসংখ্যা ১০ থেকে ২৫ জন। এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মহড়া দেয় বলে স্থানীয়দের অভিযোগ।
টঙ্গী বাজার, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, সাতাইশ, গাজীপুরা, এরশাদনগর, পাগার, মিরাশপাড়া, কেরানির টেক, রেলস্টেশন, মরকুন কবরস্থান, মরকুন গোদারা ঘাট, বনমালা, দত্তপাড়া, মোক্তারবাড়ি রোড ও গুটিয়াসহ বিভিন্ন এলাকায় তাদের তৎপরতা দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাজনৈতিক কর্মকাণ্ডেও এসব কিশোর ও অপরাধী চক্রকে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তির ভাষ্য, যে দল ক্ষমতায় থাকে, মাদক কারবারিরা সেই দলের ছত্রচ্ছায়ায় যাওয়ার চেষ্টা করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান প্রত্যাশিত ফল দেয় না বলেও তাঁদের দাবি।
প্রকাশ্যে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগ
টঙ্গীর বিভিন্ন সড়ক, মহাসড়ক, ফুটপাত এবং ফ্লাইওভারের ওপর ও নিচে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভাসমান দোকানি জানান, এসব এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির ঘটনাও ঘটে। অপরাধী চক্রের সদস্যদের প্রভাবশালী ব্যক্তিদের হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগও রয়েছে।
টঙ্গী স্টেশন রোডের এক ফল ব্যবসায়ী বলেন, সড়কের দুই পাশের ফুটপাত ও ফ্লাইওভারের নিচে মাদক সেবন চলে। প্রকাশ্যেই মাদক বিক্রি ও সেবন করা হয়। কখনো কখনো মাদকসেবীদের রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। এসবের প্রতিবাদ করার সাহস সাধারণ মানুষের নেই।
হত্যাকাণ্ডের সঙ্গে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ
পুলিশ সূত্রে জানা গেছে, তুরাগ নদ থেকে এক সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় টঙ্গীর মাজার বস্তির মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর আগে কয়েক বছরে টঙ্গীতে মাদক ও ছিনতাইয়ের শিকার হয়ে ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হত্যার শিকার হয়েছেন।
এ ছাড়া মাদক কারবারের আধিপত্য বিস্তার এবং মাদকের টাকা ভাগাভাগি নিয়েও একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অপরাধ দমনে পুলিশ অভিযান চালালেও অপরাধমূলক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়নি বলে স্থানীয়দের ভাষ্য।
দশ মাসে মাদকের মামলা ১ হাজার ৩৭৬টি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাদকসংক্রান্ত মামলা হয়েছে ১ হাজার ৩৭৬টি। এসব মামলায় মাদক কারবারি হিসেবে ১ হাজার ৪৯৬ জন এবং মাদকসেবী হিসেবে ১ হাজার ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে ২০টি ছিনতাই মামলায় ৬৯ জন, ১৩টি ডাকাতি মামলায় ২৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া ডাকাতির প্রস্তুতির ১০৪টি মামলায় ৪৮৬ জন এবং ১৩৭টি অস্ত্র মামলায় ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, টঙ্গীর মাজার বস্তিতে মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেরানির টেকসহ কয়েকটি বস্তিতে অভিযান চালিয়ে অনেক মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি দাবি করেন, টঙ্গীতে আগের তুলনায় অপরাধ অনেকটা কমেছে। নিয়মিত অভিযান চলছে। আশা করা হচ্ছে, টঙ্গীকে অপরাধমুক্ত করা সম্ভব হবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি






-20261125045919.jpg)









-20261124163219.jpg)


