জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জেন্ডার সংবেদনশীল অভিযোজন কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও শর্তহীন অর্থায়নের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারীদের নিরাপত্তা, চলাচলের সুযোগ ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে পরিকল্পনার শুরু থেকেই।
তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পলিসি টু প্র্যাকটিস: স্ট্রেনদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিকল্পনার শুরু থেকেই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
শামা ওবায়েদ ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রমের পরিকল্পনার শুরু থেকেই নারীদের নিরাপত্তা, চলাচলের সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এগুলোকে পরবর্তী সময়ে যুক্ত করার বিষয় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে নারীদের বিশেষ প্রয়োজন ও ঝুঁকি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করতে হবে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য পৃথক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যসেবায় তাঁদের প্রবেশাধিকার বাড়াতে উদ্যোগ নিতে হবে।
এককালীন প্রকল্প নয়, প্রতিটি পর্যায়ে জেন্ডার সংবেদনশীলতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জেন্ডার সংবেদনশীল জলবায়ু কার্যক্রম কোনো এককালীন প্রকল্প হওয়া উচিত নয়। বরং পরিকল্পনা, অর্থায়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণ—প্রতিটি পর্যায়ে বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
এ জন্য জলবায়ু অভিযোজন ও দুর্যোগ মোকাবিলার উদ্যোগে নারীদের প্রয়োজন, অভিজ্ঞতা ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নে পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব
অনুষ্ঠানে বাংলাদেশের জলবায়ু মোকাবিলার অভিজ্ঞতা, অর্জিত শিক্ষা এবং বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা তুলে ধরা হয়। বিশেষ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আন্তমন্ত্রণালয় সমন্বয়, বিভিন্ন খাতে লিঙ্গ সংবেদনশীল কার্যক্রম অন্তর্ভুক্ত করা এবং জলবায়ু অর্থায়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
এ ছাড়া দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও অংশীদারদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এসব কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহের উপায়ও উঠে আসে অনুষ্ঠানে।
শামা ওবায়েদ বলেন, নারীরা নেতৃত্বে থাকলে এবং পূর্ণাঙ্গভাবে অংশগ্রহণের সুযোগ পেলে সমাজ আরও সহনশীল হয়ে ওঠে এবং ভবিষ্যৎ আরও নিরাপদ হয়।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারীদের সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্ব এবং প্রয়োজনভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা গেলে অভিযোজন কার্যক্রম আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর হবে বলে অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।
কালের আলো/এসএ/এমএসআইপি
