ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এখন ভারত কী পদক্ষেপ নেবে, সেটি তাদের বিষয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সিদ্ধান্তের অপেক্ষা
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, তা সম্পন্ন করা হয়েছে। এখন ভারত কী করবে, সেটি তাদের বিষয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠানোর বিষয়টি একটি আইনি প্রক্রিয়া। ফলে এ ক্ষেত্রে আইনগত প্রক্রিয়াই অনুসরণ করা হবে।
গুম ও বিচারবহির্ভূত হত্যার তদন্ত শুরু হচ্ছে
বিগত ১৬ থেকে ১৭ বছরে দেশে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়ার ঘটনাগুলোর বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, এসব ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও ঘায়েল করার অভিন্ন উদ্দেশ্য ছিল। এসব বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ও প্রসিকিউশন দল যৌথভাবে বিভিন্ন জেলায় তদন্ত শুরু করবে।
তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট দল জনবল কিংবা অন্য কোনো সহযোগিতা চাইলে সরকারের পক্ষ থেকে তা দেওয়া হবে বলেও জানান তিনি। আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের কাছে সব মানবতাবিরোধী অপরাধের বিচার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগোচ্ছে।
আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না সরকার
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তের বিষয়ে আইনমন্ত্রী বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন দল স্বাধীনভাবে যেভাবে এগিয়ে যাবে, সরকার সেখানে হস্তক্ষেপ করবে না। তারা যখন যে পদক্ষেপ প্রয়োজন মনে করবে, তখনই তা নেবে। তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি।
আপিলের বিলম্ব মার্জনায় আইনি সুযোগ নেই
শেখ হাসিনাকে আইনি সুযোগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি আইনি সুযোগের মাধ্যমেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠানোর প্রক্রিয়াটিও আইন অনুযায়ী সম্পন্ন হবে।
এ সময় আপিল বিভাগে এ ধরনের মামলায় আপিল করতে বিলম্ব মার্জনার (ডিলে কন্ডোন) কোনো আইনগত সুযোগ নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। তাঁর ভাষ্য, বিশেষ আইনে বিলম্ব মার্জনার সুযোগ রাখা হয়নি।
তিনি আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় এ বিষয়ে বিধান রয়েছে। ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমানের সময় সংবিধানে আনা সংশোধনীর প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না—এ বিধানও ওই সংশোধনীর অংশ।
কালের আলো/এসএ/এমএসআইপি
