নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ আবেদন করা হয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে জানতে চান সাংবাদিকরা।
জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে কোনো বক্তব্য নাই।’
দূতাবাসে আইনজীবীদের চিঠি
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিটি পাঠিয়েছেন দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে।
চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আইনজীবীরা উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত নতুন নথি দেওয়ার আবেদন জানিয়েছেন তারা।
২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন। তার সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফেরার তারিখ জানানো হবে।
২০২৫ সালের নভেম্বরে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণের সম্ভাবনা
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের সম্পর্কেও নতুন পরিস্থিতি তৈরি করতে পারে।
তবে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করা হলেও সেগুলো ইস্যু করা হবে কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
কালের আলো/এমডি/জেএন






-20261122113959.jpg)







-20261121140412.jpg)

-20261119145050.jpg)



