Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৩:০১ পিএম

বিচার বিভাগে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৩:০১ পিএম

বিচার বিভাগে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি দেশের বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচার বিভাগের কিছু সিদ্ধান্ত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বিশেষ করে বিচারিক পর্যালোচনার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনমতের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়গুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের ইতিবাচক দিকগুলোও সামনে আনা জরুরি। অনেক বিচারক দিনরাত পরিশ্রম করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিন্তু তাঁদের অবদান যথাযথভাবে আলোচনায় আসে না। বিচার বিভাগের নেতিবাচক দিকগুলোর পাশাপাশি সৎ ও নিষ্ঠাবান বিচারকদের কাজও গুরুত্বের সঙ্গে তুলে ধরা উচিত।

তিনি বলেন, বিচারকদের মেধা, যোগ্যতা ও সততার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

বিচারিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আইনমন্ত্রীর
বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বাধীন। একজন বিচারক সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর তাঁর ওপর সরকারের প্রভাব বিস্তারের সুযোগ থাকে না। অধস্তন বিচার বিভাগের বিচারকেরাও নিজ নিজ মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। বিচারিক কাজে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই।

তবে অতীতের কিছু বিচারিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, থার্টিন অ্যামেন্ডমেন্টের মতো রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি।

বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় যেসব ক্ষেত্রে বিচারিক ক্ষমতার অপব্যবহার হয়েছে, সেগুলো চিহ্নিত করার ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী। তাঁর ভাষ্য, বিচারিক পর্যালোচনার নামে অনেক ক্ষেত্রে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। থার্টিন অ্যামেন্ডমেন্টের রায় এর একটি উদাহরণ। সংবিধান সংশোধন নিয়ে আলোচনায় আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকেও বিচারিক পর্যালোচনার ক্ষমতা পুনর্বিবেচনার দাবি এসেছে।

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে যেমন কথা বলতে হবে, তেমনি জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ ও আনাসসহ এক হাজার ৪০০ জনের বেশি মানুষ হত্যার এবং প্রায় ৩০ হাজার মানুষকে পঙ্গু করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কথা বলতে হবে।

তিনি বলেন, সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে বিভক্ত করা হয়েছে। বুদ্ধিজীবীদের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থানে এত মানুষের মৃত্যু ও পঙ্গুত্বের ঘটনা নিয়ে নীরব রয়েছেন। এ ধরনের নীরবতা থেকে বেরিয়ে এসে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন।

অতীতে গুমের ঘটনায় বিচারিক পর্যালোচনার মাধ্যমে ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা যায়নি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এসব ঘটনায় আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।

বিচার বিভাগের স্বচ্ছতায় টিআইবির প্রশংসা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যক্রমের প্রশংসা করে আসাদুজ্জামান বলেন, প্রতিষ্ঠানটি নিরপেক্ষতা, নির্লোভ ও নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে কাজ করছে। বিচার বিভাগের স্বচ্ছতা প্রতিষ্ঠায় তাদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ক্ষেত্রে আইন মন্ত্রণালয় ও সরকারের করণীয় থাকলে বাস্তবতার নিরিখে সহযোগিতা করা হবে।

মানবাধিকার কমিশন গঠনের প্রক্রিয়া এবং সংবিধান সংশোধন নিয়ে টিআইবির সুপারিশের বিষয়ে তিনি বলেন, সব সুপারিশ শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে অনেক সুপারিশ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়।

বিচারকদের দায়িত্ব ও পেশাগত মর্যাদা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচারকদের নিজেদের মধ্যে সচিবদের সঙ্গে প্রতিযোগিতার মনোভাব তৈরি করা উচিত নয়। স্বতন্ত্র পেশাগত অবস্থান ও মর্যাদা বজায় রেখে তাঁদের দায়িত্ব পালন করতে হবে।

কালের আলো/এমএসআইপি/জেএন

Link copied!