Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০১:৪৬ পিএম

সড়ক দুর্ঘটনায় সাত বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০১:৪৬ পিএম

সড়ক দুর্ঘটনায় সাত বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা শুধু ব্যক্তির জীবন কেড়ে নিচ্ছে না, একেকটি দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পুরো পরিবার। কখনো মোটরবাইকে, কখনো অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার কিংবা বাসে যাতায়াতের সময় একই পরিবারের একাধিক সদস্য প্রাণ হারাচ্ছেন। গত ছয় বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

রোববার (৮ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংগঠনটি। ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনার চিত্র পর্যবেক্ষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দেশের ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে মোটরবাইক, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

মোটরবাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও বাবা-সন্তানের মৃত্যু
মোটরবাইক দুর্ঘটনায় একই পরিবারের সদস্যদের প্রাণহানির ঘটনা উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী, মোটরবাইকে আরোহী হিসেবে স্বামী-স্ত্রী দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯৩টি। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮৬ জন।

এ ছাড়া পিতা ও সন্তান নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৫৯টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩১৮ জন। অর্থাৎ মোটরবাইকে একসঙ্গে চলাচলের সময় দুর্ঘটনায় স্বামী-স্ত্রী কিংবা বাবা-সন্তানের প্রাণহানির ঘটনা ঘটছে উল্লেখযোগ্য হারে।

অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১ হাজার ৭২৮ জন
একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঘটনায় অটোরিকশা দুর্ঘটনার চিত্রও ভয়াবহ। প্রতিবেদন অনুযায়ী, অটোরিকশার যাত্রী হিসেবে একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২১১টি। তিনজন নিহত হয়েছেন এমন দুর্ঘটনা ঘটেছে ১১৮টি।

এ ছাড়া একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা ৯২টি, পাঁচজন নিহত হওয়ার ঘটনা ৫৩টি, ছয়জন নিহত হওয়ার ঘটনা ৩৮টি এবং সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৩টি। সব মিলিয়ে একই পরিবারের সদস্যদের প্রাণহানির এমন ৫২৫টি অটোরিকশা দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ হাজার ৭২৮ জন।

মাইক্রোবাস দুর্ঘটনায় ১৮৬ ঘটনায় মৃত্যু ৭০৮ জনের
মাইক্রোবাস দুর্ঘটনায়ও একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোবাসের আরোহী হিসেবে একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ৪৮টি, তিনজন নিহত হওয়ার ঘটনা ৪৬টি এবং চারজন নিহত হওয়ার ঘটনা ৩৯টি।

এ ছাড়া পাঁচজন নিহত হওয়ার ঘটনা ২৮টি, ছয়জন নিহত হওয়ার ঘটনা ২০টি, ১১ জন নিহত হওয়ার ঘটনা চারটি এবং ১৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে একটি। মোট ১৮৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭০৮ জন।

প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্স দুর্ঘটনার চিত্র
প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৩৪টি। তিনজন নিহত হওয়ার ঘটনা ৩১টি এবং চারজন নিহত হওয়ার ঘটনা ২৪টি। পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯টি। সব মিলিয়ে ১০৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫২ জন।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১১টি, তিনজন নিহত হওয়ার ঘটনা ১৫টি, চারজন নিহত হওয়ার ঘটনা নয়টি এবং পাঁচজন নিহত হওয়ার ঘটনা সাতটি। এ ছাড়া আটজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে তিনটি। মোট ৪৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬২ জন।

বাস দুর্ঘটনা ও পিকআপ ভ্যান উল্টে প্রাণহানি
বাস দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৭টি। তিনজন নিহত হওয়ার ঘটনা নয়টি এবং চারজন নিহত হওয়ার ঘটনা ছয়টি। মোট ৩২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৫ জন। অন্যদিকে, পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের চারজন নিহত হওয়ার একটি ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পেছনে যেসব কারণ
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে পরিবারসহ সড়কে চলাচলের প্রবণতা, মহাসড়কে অটোরিকশা চলাচল এবং যানবাহনের ফিটনেসসংক্রান্ত সমস্যাকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকা, চালকদের অদক্ষতা, বিশ্রামহীনভাবে গাড়ি চালানো, মোটরবাইকে মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং বেপরোয়া গতিতে মোটরবাইক চালানোর বিষয়গুলোও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ট্রাফিক আইন না মানার প্রবণতাও প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে।

দুর্ঘটনা রোধে সাত দফা সুপারিশ
সড়ক দুর্ঘটনা কমাতে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বেশ কিছু সুপারিশ করেছেন। এর মধ্যে রয়েছে মোটরবাইক আরোহীদের ভালো মানের হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং ট্রাফিক আইন মেনে মোটরযান চালানো। সুপারিশে সব মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণের কথা বলা হয়েছে। পাশাপাশি গ্রামীণ সড়ক যেন সরাসরি মহাসড়কের সঙ্গে যুক্ত না হয়, সে অনুযায়ী নিরাপদ সড়ক নকশা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া সড়ক-মহাসড়কে যানবাহনের চলাচল নজরদারি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বাড়াতে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে, সড়ক দুর্ঘটনার ভয়াবহতা এখন শুধু ব্যক্তিগত প্রাণহানিতে সীমাবদ্ধ নেই; একই ঘটনায় একটি পরিবারের একাধিক সদস্য, এমনকি পুরো পরিবারও হারিয়ে যাচ্ছে। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী, পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত দায়িত্বশীলতা জরুরি।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!