বিভিন্ন দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের ‘লং মার্চ’ কর্মসূচিকে ঘিরে বুধবার (১৫ জুলাই) সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি কম দেখা গেছে। ফলে প্রতিদিন সকালে যে তীব্র যানজটের চিরচেনা দৃশ্য দেখা যায়, আজ সেখানে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র।
অন্য দিনগুলোতে মিরপুর ১০ নম্বর থেকে শুরু করে বিজয় সরণি, মহাখালী, কাকলী, বনানী, কুড়িল বিশ্বরোড হয়ে খিলক্ষেত ও বিমানবন্দর (এয়ারপোর্ট) এলাকাগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তীব্র যানজট লেগে থাকে। তবে আজ সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।
যানবাহন কম থাকায় সকালে কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়, আজ নির্ধারিত সময়ে পরীক্ষা শেষে বেলা দেড়টার পর থেকে তারা রাজপথে নামবেন।
উত্তরা থেকে লংমার্চ শুরু করে তারা শিক্ষা ভবনের দিকে অগ্রসর হবেন এবং এই কর্মসূচি চলাকালে রাস্তা অবরোধ করা হবে।
এই ঘোষণার কারণে সকাল থেকে সড়কে গাড়ি নামানোর ক্ষেত্রে ভেবেছেন অনেক পরিবহন মালিক ও চালক।
গুলিস্তান থেকে আব্দুল্লাহপুর রুটের বাসচালক মোহাম্মদ শাহীন হোসেন (৪৫) তার আশঙ্কার কথা জানিয়ে বলেন, গতকাল সকাল থেকেই আমরা ছাত্রদের রাস্তা অবরোধের কারণে তীব্র জ্যামের মধ্যে আটকে ছিলাম। আজ সকাল থেকে রাস্তা ফাঁকা দেখছি।
তবে শুনলাম, দুপুরের পর নাকি তারা আবার রাস্তায় নামবে। যদি দুপুরের পর রাস্তা অবরোধ করা হয়, তবে রাজধানীতে গাড়ি চালানোর মতো আর কোনো পরিস্থিতি থাকবে না। আমরা আবার চরম ভোগান্তিতে পড়ব।
উত্তরা জোনের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোহাম্মদ জিয়াউল হাসান বাংলানিউজকে বলেন, জানতে পেরেছি, দুপুরের পর ছাত্ররা নামতে পারে। তার জন্য বাড়তি পুলিশ ও ওয়াটার ক্যানন উত্তরা পশ্চিম ও পূর্ব—দুই পাশে প্রস্তুত রাখা হয়েছে।
নগরবাসীর আশঙ্কা, দুপুরের পর লংমার্চ ও অবরোধ শুরু হলে রাজধানীর উত্তরা, বিমানবন্দর সড়ক, কুড়িল, বনানী, মহাখালী ও শিক্ষা ভবন অভিমুখী সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে।
কালের আলো/জেএন/এমএসআইপি
