ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অক্টোবর মাসের অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের মূল্যায়নে শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। একই সময়ে শ্রেষ্ঠ থানা হয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় হয়েছে তুরাগ থানা এবং তৃতীয় অবস্থানে রয়েছে কামরাঙ্গীরচর থানা।
রোববার (২২ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও ইউনিটের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
সহকারী পুলিশ কমিশনার ও এসআই ক্যাটাগরিতে যারা সেরা
অক্টোবর মাসে সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন। দ্বিতীয় হয়েছেন শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এহসানুল হক।
শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় হয়েছেন সায়দাবাদ ফাঁড়ির এসআই মো. রাকিব হোসেন এবং তৃতীয় হয়েছেন সবুজবাগ থানার এসআই মো. জহুরুল ইসলাম।
এএসআই ও গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠ যারা
সহকারী উপপরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. নাদের আলী। দ্বিতীয় হয়েছেন মিরপুর থানার এএসআই এসএম সানোয়ার হোসেন এবং তৃতীয় হয়েছেন হাজারীবাগ থানার এএসআই গোলাম রব্বানী।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম পিপিএম-সেবা।
ট্রাফিক বিভাগেও সেরাদের স্বীকৃতি
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের সার্জেন্ট নয়ন কারন। দ্বিতীয় হয়েছেন পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশিকুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তা ও ইউনিটের নাম তুলে ধরেন। অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি













-20261121140412.jpg)






