সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট দেওয়া বন্ধ করতে কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসায় থাকা সাবলেটের ভাড়াটিয়াদের অবশ্যই সরিয়ে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে নিজে বসবাস করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা/ফ্ল্যাটে সাবলেট/ভাড়া বন্ধকরণ’ শীর্ষক নির্দেশনায় এ কথা জানানো হয়।
সম্পূর্ণ বা আংশিক বাসা ভাড়া দেওয়া নিষিদ্ধ
সরকারি আবাসন পরিদপ্তরের অধীন বাসা ও ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া বন্ধে গত ২৯ অক্টোবর একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির ৯ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি তার নামে বরাদ্দ করা বাসার সম্পূর্ণ অংশ কিংবা আংশিক অংশ কোনোভাবেই সাবলেট বা ভাড়া দিতে পারবেন না। এক বা একাধিক কক্ষ ভাড়া দেওয়ার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
ইতোমধ্যে যারা সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ সাবলেট কিংবা ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ভাড়াটিয়াকে অবশ্যই সরিয়ে নিতে বলা হয়েছে। একই সঙ্গে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে যথানিয়মে নিজের নামে বরাদ্দ করা বাসায় অবস্থান ও বসবাস করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বরাদ্দ বাতিলসহ আইনগত ব্যবস্থা
নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট কিংবা ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়েই বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে। পাশাপাশি বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি




-20261119145050.jpg)















