Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৮:০৬ পিএম

আকভানের প্রভাবে বৃষ্টি, বিপাকে খেটে খাওয়া মানুষ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৮:০৬ পিএম

আকভানের প্রভাবে বৃষ্টি, বিপাকে খেটে খাওয়া মানুষ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে রাজধানীতে কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকাল গড়িয়ে দুপুর ও বিকেল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে কেউ ভিজে ভিজে মাছ ও সবজি বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন রিকশা কিংবা ভ্যানগাড়ি। বৃষ্টি উপেক্ষা করে কাজে বের হলেও ক্রেতা ও যাত্রী কম থাকায় আয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

সড়কে থেমে থেমে বৃষ্টি, ছাতা-রেইনকোটে চলাচল
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, পল্টন, গুলিস্তান, সেগুনবাগিচা ও মতিঝিল এলাকা ঘুরে বিভিন্ন সড়কে থেমে থেমে বৃষ্টি হতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়ে।

বৃষ্টি থেকে রক্ষা পেতে অনেককে ছাতা ও রেইনকোট ব্যবহার করতে দেখা গেছে। আবার অনেকে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের সামনে আশ্রয় নিয়েছেন। গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। যানবাহন পেতে ভোগান্তিতে পড়ে কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় গন্তব্যে পৌঁছেছেন। আবার অনেককে বৃষ্টিতে ভিজেই হেঁটে চলাচল করতে হয়েছে।

কারওয়ান বাজার এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সুমন আহমেদ বলেন, সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকেই বৃষ্টির মধ্যে পড়তে হয়েছে। যানবাহন পেতে বেশ সময় লেগেছে। শেষ পর্যন্ত ভিজেই কর্মস্থলে যেতে হয়েছে। বৃষ্টির কারণে প্রতিদিনের স্বাভাবিক যাতায়াতও কঠিন হয়ে পড়েছে।

শিক্ষার্থী ও অফিসগামীদের ভোগান্তি
পল্টন এলাকার শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, সকালে কলেজে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়। ছাতা নিয়েও পুরোপুরি ভেজা থেকে রক্ষা পাওয়া যায়নি। বৃষ্টির কারণে সময়মতো কলেজে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

মতিঝিল এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, বৃষ্টির কারণে সকালে বাসা থেকে বের হতে দেরি হয়েছে। এরপর রাস্তায় গাড়ি পেতেও ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর রিকশা পেয়েছেন। বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে পৌঁছাতে হয়েছে তাকে। সময়মতো অফিসে উপস্থিত না হলে বেতন কাটা যাওয়ার আশঙ্কা থাকায় দুর্ভোগ সত্ত্বেও কর্মস্থলে আসতে হয়েছে।

বৃষ্টিতে আয় কমেছে শ্রমজীবীদের
সেগুনবাগিচা এলাকায় বৃষ্টির মধ্যেই সবজি বিক্রি করছিলেন আবদুল কাদের। তিনি বলেন, বৃষ্টি হলেও বসে থাকার সুযোগ নেই। প্রতিদিনের আয় দিয়েই সংসার চলে। বৃষ্টির কারণে ক্রেতা নেই বললেই চলে। তারপরও পণ্য নিয়ে বসে থাকতে হচ্ছে। বৃষ্টি বাড়লে সবজি নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

গুলিস্তান এলাকার রিকশাচালক জয়নাল মিয়া বলেন, সকাল থেকে বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছেন। বৃষ্টিতে ভিজে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু আয় বন্ধ রাখার সুযোগ নেই। যাত্রী কম থাকায় আগের মতো ভাড়া পাওয়া যাচ্ছে না। সংসারের খরচ চালাতে বাধ্য হয়েই রাস্তায় থাকতে হচ্ছে।

জরুরি কাজেও বিড়ম্বনা, আরও বৃষ্টির পূর্বাভাস
প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া সাধারণ মানুষও বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়েছেন। বাজার করা, চিকিৎসাসহ জরুরি কাজ সারতে সমস্যায় পড়ছেন অনেকে। ব্যাহত হচ্ছে পথচারীদের স্বাভাবিক চলাচল। বিশেষ করে শিশু, বয়স্ক এবং গণপরিবহনের ওপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বেশি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টির প্রবণতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!