এশিয়ার বিভিন্ন দেশের রান্নায় হলুদ একটি পরিচিত মসলা। তবে রান্নার স্বাদ ও রং বাড়ানোর পাশাপাশি ত্বকের যত্নেও হলুদের ব্যবহার বেশ প্রচলিত। প্রদাহ কমানো এবং ত্বকের অস্বস্তি দূর করতে হলুদের কিছু উপাদান সহায়ক হতে পারে। এ কারণে ঘরোয়া রূপচর্চায় অনেকেই হলুদ দিয়ে তৈরি বিভিন্ন ফেস মাস্ক ব্যবহার করেন।
ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী হলুদের সঙ্গে বেসন, মধু, টক দই, নারিকেলের দুধ কিংবা অ্যাভোকাডো মিশিয়ে মাস্ক তৈরি করা যায়। জেনে নেওয়া যাক ত্বকের যত্নে হলুদের চার ধরনের ফেস মাস্ক তৈরির পদ্ধতি।
মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েটিং মাস্ক
ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন করা হয়। এ জন্য হলুদ ও বেসন দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন।
মাস্কটি তৈরিতে লাগবে এক টেবিল চামচ হলুদ গুঁড়া, দুই টেবিল চামচ বেসন এবং সামান্য গোলাপ জল। প্রথমে হলুদ ও বেসন ভালোভাবে মিশিয়ে নিন। এরপর প্রয়োজনমতো গোলাপ জল দিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে সমানভাবে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে আলতোভাবে মুখ মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
ত্বকের উজ্জ্বলতা ফেরাতে মাস্ক
ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে হলুদ, মধু ও টক দই দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন। এজন্য প্রয়োজন হবে এক চা চামচ মধু, এক চা চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ টক দই এবং সামান্য লেবুর রস।
একটি ছোট পাত্রে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। প্রথমে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। সময় হলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বকের দাগ কমাতে মাস্ক
রোদে দীর্ঘ সময় থাকলে ত্বকে কালচে ভাব বা পিগমেন্টেশন দেখা দিতে পারে। এ ধরনের দাগ কমানোর ঘরোয়া যত্নে হলুদ ও টক দইয়ের মাস্ক ব্যবহার করা হয়।
এটি তৈরিতে লাগবে এক চা চামচ লেবুর রস, এক টেবিল চামচ টক দই এবং আধা চা চামচ হলুদ গুঁড়া। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
শুষ্ক ত্বকের জন্য মাস্ক
শুষ্ক ত্বকের যত্নে হলুদের সঙ্গে নারিকেলের দুধ ও অ্যাভোকাডো মিশিয়ে মাস্ক তৈরি করতে পারেন। এর জন্য প্রয়োজন হবে এক চা চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ নারিকেলের দুধ এবং অর্ধেকটি চটকানো অ্যাভোকাডো।
একটি পাত্রে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর পরিষ্কার ত্বকে মিশ্রণটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। পরে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ব্যবহারের আগে সতর্কতা
হলুদ ব্যবহারে কারও কারও ত্বকে অ্যালার্জি, জ্বালাপোড়া বা অস্বস্তি হতে পারে। তাই মুখে ব্যবহারের আগে হাতের ভেতরের অংশে বা ত্বকের ছোট জায়গায় অল্প পরিমাণে লাগিয়ে পরীক্ষা করে নেওয়া ভালো। লেবুর রসও সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। তাই অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করুন। হলুদের দাগ এড়াতে মাস্কে অতিরিক্ত হলুদ ব্যবহার না করাই ভালো। সূত্র: হেলদি বিল্ডার্জ
কালের আলো/এসএ/এমএস







-20261121124413.jpg)
-20261121124015.jpg)







-20261119145050.jpg)



