Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৭:৩৪ পিএম

বিয়ের আগে হবু সঙ্গীকে পিসিওএসের কথা জানানো জরুরি?

লাইফস্টাইল ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৭:৩৪ পিএম

বিয়ের আগে হবু সঙ্গীকে পিসিওএসের কথা জানানো জরুরি?

বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। তাই বিয়ের আগে হবু সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত, পারিবারিক ও স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা ভালো। তবে কিছু শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে অনেকেই দ্বিধায় পড়েন। নারীদের মধ্যে পরিচিত এমন একটি সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস)। এ রোগে আক্রান্ত হলে বিয়ের আগে হবু সঙ্গীকে বিষয়টি জানানো জরুরি কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে।

পিসিওএসের কারণে নারীদের মাসিক অনিয়মিত হতে পারে এবং ডিম্বাণু নিঃসরণে সমস্যা দেখা দিতে পারে। ফলে কারও কারও ক্ষেত্রে সন্তান ধারণে জটিলতা তৈরি হয়। তবে পিসিওএস থাকলেই যে একজন নারী মা হতে পারবেন না, বিষয়টি এমন নয়। সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনায় এ রোগ নিয়েও সন্তান ধারণ সম্ভব।

পিসিওএস থাকলেই কি মা হতে সমস্যা হয়?
প্রজননক্ষম বয়সে একজন সুস্থ নারীর সাধারণত প্রতিটি মাসিক চক্রে একটি ডিম্বাণু নিঃসরণ হয়। কিন্তু পিসিওএস থাকলে নিয়মিত ডিম্বাণু নিঃসরণ ব্যাহত হতে পারে। এ কারণে গর্ভধারণে কারও কারও সমস্যা দেখা দেয়। কিছু ক্ষেত্রে গর্ভপাতের ঝুঁকিও থাকতে পারে।

তবে সবার ক্ষেত্রে রোগের উপসর্গ বা জটিলতা একরকম হয় না। অনিয়মিত মাসিক পিসিওএসের অন্যতম লক্ষণ হলেও অন্য কারণেও মাসিক অনিয়মিত হতে পারে। তাই মাসিকের সমস্যা থাকলেই পিসিওএস হয়েছে বলে ধরে নেওয়া ঠিক নয়।

পিসিওএসে আক্রান্ত নারীদের শরীরে পুরুষ হরমোনের প্রভাব বেড়ে যাওয়ার কারণে মুখে বা শরীরের অন্য অংশে অতিরিক্ত লোম, ব্রণ কিংবা চুল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কারও ক্ষেত্রে স্থূলতা ও বিপাকীয় স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে। তবে একজন নারীর সব উপসর্গ একসঙ্গে দেখা যাবে, এমন কোনো কথা নেই।

স্কয়ার হাসপাতাল লিমিটেডের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ডা. ফারজানা রশীদের মতে, পিসিওএসে আক্রান্ত নারী গর্ভধারণে কিছু জটিলতার মুখোমুখি হতে পারেন। তবে সঠিক চিকিৎসা নিলে এ রোগ থাকা সত্ত্বেও মা হওয়া সম্ভব। তাই বিয়ের আগে হবু বর বা তাঁর পরিবারকে রোগটি সম্পর্কে জানানো বাধ্যতামূলক নয়।

কেন বাড়ছে পিসিওএসের সমস্যা?
পিসিওএসের সঙ্গে জিনগত বিষয় জড়িত থাকতে পারে। পাশাপাশি আধুনিক জীবনযাপন, শারীরিক পরিশ্রমের অভাব, খেলাধুলার সুযোগ কমে যাওয়া এবং অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণের মতো বিষয়ও এ সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

ডা. ফারজানা রশীদ মনে করেন, বর্তমানে রোগ নির্ণয়ের সুযোগ আগের তুলনায় বেড়েছে। ফলে আগে যেসব ক্ষেত্রে রোগটি শনাক্ত হতো না, এখন সেগুলোও পরীক্ষার মাধ্যমে সামনে আসছে। তবে আধুনিক জীবনযাপনের কিছু অভ্যাসও পিসিওএসের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখতে পারে।

বিয়ের আগে হবু সঙ্গীকে জানানো কি জরুরি?
পিসিওএসের মতো শারীরিক সমস্যা নিয়ে বিয়ের আগে কথা বলা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। হবু সঙ্গীর সঙ্গে আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া থাকলে কেউ কেউ নিজের স্বাস্থ্যগত বিষয়গুলো ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার কেউ ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে চান।

শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষের মতে, সমাজে এখনো অনেক ক্ষেত্রে নারীর সামাজিক মর্যাদা তাঁর বৈবাহিক অবস্থা কিংবা সন্তান ধারণের সক্ষমতার সঙ্গে মিলিয়ে দেখা হয়। তবে একজন নারী চাইলে নিজের পিসিওএসের কথা হবু সঙ্গীকে জানাতে পারেন। এটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত।

তিনি বলেন, জীবনসঙ্গী হিসেবে একসঙ্গে জীবনের নানা পরিস্থিতি সামলানোর প্রত্যয় থেকে একজন নারী রোগের কথা জানাতে চাইতে পারেন। তবে বিষয়টি জানানোর আগে ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকবে কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন।

কারণ সম্পর্কের শুরুতে গভীর আবেগ ও বিশ্বাস থাকলেও নানা কারণে তা বিয়ে পর্যন্ত নাও গড়াতে পারে। পরবর্তী সময়ে ব্যক্তিগত স্বাস্থ্যগত তথ্য অন্যের কাছে ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই নিজের রোগের কথা জানানোর সিদ্ধান্ত নিলে হবু সঙ্গীর সততা, বিশ্বস্ততা ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত।

অচেনা মানুষের সঙ্গে বিয়ের ক্ষেত্রে কী করবেন?
অনেকের বিয়ে হয় পরিবারের মাধ্যমে, যেখানে হবু বর-কনের পরিচয় ও বোঝাপড়া গড়ে ওঠার সুযোগ তুলনামূলক কম থাকে। সম্পূর্ণ অপরিচিত দুজন মানুষের বিয়ের ক্ষেত্রে একে অপরের মানসিকতা ও বিশ্বস্ততা সম্পর্কে আগে থেকে জানা কঠিন হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বিয়ের ক্ষেত্রেও পিসিওএসের কথা আগেভাগে জানানো বাধ্যতামূলক নয়। নিজের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য কখন এবং কার সঙ্গে ভাগ করবেন, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নারীর রয়েছে।

এ ক্ষেত্রে রোগটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করারও প্রয়োজন নেই। পিসিওএস সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় কেউ কেউ ইন্টারনেট থেকে পাওয়া অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে ভুল ধারণা পোষণ করতে পারেন। তাই আলোচনা হলে রোগের প্রকৃতি, চিকিৎসা ও গর্ভধারণের সম্ভাবনা সম্পর্কে সঠিক তথ্য জানানো গুরুত্বপূর্ণ।

বিয়ের পরে জানলে কী হতে পারে?
পিসিওএস বা পিএমওএস থাকার বিষয়টি বিয়ের আগে হবু বর বা তাঁর পরিবারকে না জানানো কোনো নৈতিক অপরাধ নয়। তবে বিয়ের পর সঙ্গী বা তাঁর পরিবারের কেউ বিষয়টি জেনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখালে চিকিৎসকের সহায়তা নেওয়া যেতে পারে।

সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলে পিসিওএস সম্পর্কে সঙ্গীকে বিস্তারিত জানার সুযোগ করে দেওয়া সম্ভব। এতে রোগটি নিয়ে ভুল ধারণা দূর হতে পারে এবং চিকিৎসা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সন্তান ধারণের সম্ভাবনা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা তৈরি হবে।

সব মিলিয়ে, পিসিওএস কোনো নারীর বিয়ে বা মাতৃত্বের সম্ভাবনা শেষ করে দেয় না। এ রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। আর হবু সঙ্গীকে বিষয়টি জানানো হবে কি না, তা নির্ভর করবে ব্যক্তির স্বাচ্ছন্দ্য, সম্পর্কের বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার ওপর।

Link copied!