কখনো ছোট্ট কোনো সাফল্যেই মন আনন্দে ভরে ওঠে, আবার প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটালেই দূর হয় একাকিত্ব। পছন্দের কাজ করা, প্রাণ খুলে হাসা কিংবা নতুন কিছু অর্জনের পরও তৈরি হয় ভালো লাগার অনুভূতি। এসব অনুভূতির পেছনে মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানের ভূমিকা রয়েছে। এর মধ্যে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরফিনকে সাধারণভাবে ‘হ্যাপি হরমোন’ বলা হয়। এগুলো মেজাজ, আনন্দ, অনুপ্রেরণা ও সামাজিক সম্পর্কের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত।
ডোপামিন: আনন্দ ও অনুপ্রেরণার উৎস
কোনো লক্ষ্য পূরণ, নতুন কিছু শেখা কিংবা পছন্দের কাজ শেষ করার পর যে আনন্দ ও তৃপ্তি অনুভূত হয়, তার সঙ্গে ডোপামিনের সম্পর্ক রয়েছে। এটি মস্তিষ্কের পুরস্কার ও অনুপ্রেরণাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো কাজের প্রতি আগ্রহ তৈরি করা, মনোযোগ ধরে রাখা এবং লক্ষ্য অর্জনে উৎসাহ জোগাতেও সহায়তা করে এই রাসায়নিক।
ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সেগুলো পূরণ করা, নতুন দক্ষতা শেখা এবং নিজের পছন্দের কাজে সময় দেওয়ার মাধ্যমে ইতিবাচক অনুভূতি তৈরি হতে পারে।
সেরোটোনিন: মেজাজ ও মানসিক স্থিতির সঙ্গে যুক্ত
মেজাজ, ঘুম, ক্ষুধা ও হজমের মতো শারীরিক কার্যক্রমের সঙ্গে সেরোটোনিনের সম্পর্ক রয়েছে। শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেজাজের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও এই রাসায়নিকের প্রভাব রয়েছে।
নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং দিনের আলোয় কিছুটা সময় কাটানো সামগ্রিক মানসিক সুস্থতায় সহায়ক হতে পারে। পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাসও শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে।
অক্সিটোসিন: ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন
ভালোবাসা, বিশ্বাস ও সামাজিক সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে অক্সিটোসিন। প্রিয়জনের সান্নিধ্য, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা কিংবা অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশের সময় এই হরমোনের নিঃসরণ বাড়তে পারে।
মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখা এবং একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানসিক প্রশান্তি পাওয়া যায়। তাই ব্যস্ততার মধ্যেও পরিবার ও বন্ধুদের জন্য সময় রাখা জরুরি।
এন্ডোরফিন: শরীরের প্রাকৃতিক ব্যথানাশক
এন্ডোরফিন শরীরের প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে পরিচিত। এটি ব্যথার অনুভূতি কমাতে এবং মানসিক চাপ সামলাতে ভূমিকা রাখে। ব্যায়াম, হাসি কিংবা আনন্দদায়ক বিভিন্ন কর্মকাণ্ডের সময় শরীরে এন্ডোরফিন নিঃসৃত হতে পারে।
নিয়মিত শরীরচর্চা, পছন্দের খেলাধুলা, গান শোনা কিংবা বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটানো ভালো লাগার অনুভূতি তৈরি করতে পারে। বিশেষ করে শারীরিক পরিশ্রমের পর অনেকের মধ্যে যে প্রশান্তি আসে, তার পেছনে এন্ডোরফিনের ভূমিকা রয়েছে।
যেভাবে ভালো রাখবেন মন
মানসিক সুস্থতা ধরে রাখতে প্রতিদিনের জীবনযাপনে কিছু ইতিবাচক অভ্যাস যোগ করা যেতে পারে। সকালে হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন। পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, নিজের পছন্দের কাজ করুন এবং ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যান।
অবসর সময়ে প্রকৃতির কাছাকাছি থাকা কিংবা পছন্দের কোনো জায়গায় ঘুরে আসাও মনকে সতেজ রাখতে সাহায্য করতে পারে। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে নিজের জন্য কিছুটা সময় রাখুন।
মনে রাখতে হবে, ভালো থাকা শুধু চারটি হরমোনের ওপর নির্ভর করে না। শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুস্থ সামাজিক সম্পর্ক এবং নিজের যত্ন নেওয়ার অভ্যাস—সবকিছুর সমন্বয়েই ভালো থাকা সম্ভব।
কালের আলো/এসএ/জেএন





-20261126135523.jpg)



-20261126133922.jpg)








-20261124163219.jpg)

