একদিকে ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু, অন্যদিকে থামছে না ইসরায়েলি হামলা। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে পশ্চিম খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলায় প্রাণ গেছে অন্তত চারজনের। এর আগে বুধবার (১১ নভেম্বর) বিভিন্ন এলাকায় হামলা ও গুলিতে আরও পাঁচজন নিহত হন।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া বুধবার গাজা শহরের দক্ষিণে আল সাবরা এলাকায় বিমান হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ সালেম আলদাশ নিহত হন।
তাঁবু ও শরণার্থী শিবিরেও হামলা
মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছেন। গাজা শহরের উত্তর-পশ্চিমে আল নাসর এলাকায় ড্রোন হামলায় প্রাণ গেছে আরেক ফিলিস্তিনির।
এ ছাড়া গাজা শহরের উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গাজায় কর্মরত সাংবাদিক হিন্দ খুদারি জানিয়েছেন, হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, যাঁরা জীবনের ন্যূনতম প্রয়োজন মেটানোর চেষ্টা করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ড্রোন হামলায় বোতলে পানি ভরতে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। আলজালা সড়কে তাঁবুতে আশ্রয় নেওয়া আল আবসি পরিবারের দুই ভাইও হামলায় প্রাণ হারিয়েছেন।
খুদারি বলেন, ‘গাজায় এখন আর কোনো স্থানই নিরাপদ নয়।’
বৃষ্টিতে পানিবন্দী হাজারো বাস্তুচ্যুত মানুষ
ইসরায়েলি হামলার পাশাপাশি ভারী বৃষ্টিতে গাজার মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে। কয়েক দিনের বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলোতে পানি জমেছে। বহু তাঁবু পানিতে তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হচ্ছে হাজারো মানুষকে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বৃষ্টিতে গাজায় অন্তত ১ লাখ ৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে ডুবে গেছে। একই সঙ্গে বিভিন্ন শিবিরের পয়োনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক স্থানে শৌচাগারের বর্জ্য পানির সঙ্গে মিশে শিবিরে ছড়িয়ে পড়ছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে।
জরুরি ভিত্তিতে তাঁবু পাঠানোর আহ্বান জাতিসংঘের
এ পরিস্থিতিতে গাজায় জরুরি ভিত্তিতে তাঁবু পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক বলেছেন, তাঁবু পাঠানোর জন্য অর্থের পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতিও প্রয়োজন। গাজায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছাতে ইসরায়েলের সহযোগিতা জরুরি।
জাতিসংঘের মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানিয়েছেন, গাজায় শীতকালীন সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। কয়েকটি দেশ জানিয়েছে, ইসরায়েলে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ত্রাণসামগ্রী পাঠানোর বিষয়টি এগিয়ে নেওয়া কঠিন হতে পারে।
এক বিবৃতিতে ফ্লেচার বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সহায়তার আশ্বাস দিলেও ইসরায়েলের নির্বাচনের পর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ত্রাণ পৌঁছানো বাধাগ্রস্ত হতে পারে।
এদিকে বৃষ্টি, বন্যা ও অব্যাহত হামলার মধ্যে গাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার সংকট আরও গভীর হচ্ছে। শীত সামনে রেখে জরুরি সহায়তা পৌঁছাতে বিলম্ব হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
কালের আলো/এএএন/জেএন
