Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০১:৫৬ পিএম

সৌদি-হুতি সংঘাতের উত্তাপ এবার মক্কার কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০১:৫৬ পিএম

সৌদি-হুতি সংঘাতের উত্তাপ এবার মক্কার কাছাকাছি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। এর মধ্যে একটি পড়েছে পবিত্র মসজিদুল হারাম থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে। অন্যটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে মসজিদটি থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি এলাকায়।

গত বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যে এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মক্কা লক্ষ্য করে ছোড়া হয়েছিল ক্ষেপণাস্ত্র
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে মক্কার সাবুহাহ গ্রাম এবং ওয়াদি আল-মাঘমাস এলাকায়। সাবুহাহ গ্রাম পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। অন্যদিকে ওয়াদি আল-মাঘমাসের দূরত্ব মসজিদটি থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো আকাশেই প্রতিহত ও ধ্বংস করে। পরে সেগুলোর ধ্বংসাবশেষ নির্দিষ্ট দুটি এলাকায় পড়ে।

হামলার অভিযোগ অস্বীকার হুতিদের
মক্কা ও মদিনার মতো পবিত্র নগরীকে লক্ষ্য করে হামলা চালানোর সৌদি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের সামরিক অভিযানের লক্ষ্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের শত্রুতাপূর্ণ হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এ ঘটনায় হুতি মিলিশিয়াদের বিপজ্জনক ও আগ্রাসী মনোভাবের প্রতিফলন ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

নতুন করে উত্তপ্ত সৌদি-হুতি সংঘাত
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। এর পরের বছর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর দুই পক্ষের সংঘাত অনেকটা কমে এলেও চলতি বছরের শুরুতে আবারও উত্তেজনা বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুতিরা। জবাবে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব।

সাম্প্রতিক উত্তেজনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালিও ঝুঁকির মুখে পড়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই প্রণালি আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। ফলে সৌদি-হুতি সংঘাতের বিস্তার আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যেও প্রভাব ফেলতে পারে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!