যমুনার দুর্গম চরাঞ্চল একসময় ছিল বনজঙ্গল আর পতিত জমিতে ঘেরা। সেই জমিতেই এখন ফলছে শসা। বনজঙ্গল পরিষ্কার করে অনাবাদি জমিকে চাষের আওতায় এনে সাফল্যের মুখ দেখছেন কৃষকেরা। পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলে প্রায় ৩৫০ বিঘা জমিতে শসার আবাদ করেছেন প্রায় অর্ধশত কৃষক। প্রতিদিন এসব খেত থেকে সংগ্রহ করা হচ্ছে ৪০০ থেকে ৫০০ মণ শসা। প্রতি মণ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। নতুন এই উদ্যোগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা।
বনজঙ্গল পরিষ্কার করে আবাদি জমি
স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়ে পেচাকোলা ও চক নয়ানপুর মৌজায় গড়ে উঠেছে শসার এই চাষ প্রকল্প। আগে এসব জমি বনজঙ্গলে ঢাকা ছিল। স্থানীয়দের সহযোগিতায় জমি পরিষ্কার করে সেখানে শুরু হয় শসার আবাদ। বর্তমানে এই উদ্যোগে প্রায় ২০০ নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে।
চরাঞ্চলের শসা প্রকল্প ঘুরে কৃষক মো. শিহাব ফকিরের সঙ্গে কথা হয়। তিনি জানান, ফরিদপুর উপজেলার শ্রী গোবিন্দপুর গ্রাম থেকে ছয়টি দলে ভাগ হয়ে প্রায় অর্ধশত কৃষক এখানে এসেছেন। স্থানীয়দের সহযোগিতায় তাঁরা প্রথমে বনজঙ্গলে ঘেরা পতিত জমি পরিষ্কার করেন। এরপর যন্ত্রের সাহায্যে জমি চাষের উপযোগী করে তোলেন। ভাদ্র মাসের শেষ দিকে এসব জমিতে হাইব্রিড শসার বীজ বপন করেন তাঁরা।
৪০ দিনেই গাছে শসা, প্রতিদিন কাজ করছেন ২০০ শ্রমিক
কৃষক আলীম ফকির জানান, বীজ বপনের মাত্র ৪০ দিনের মধ্যেই গাছে শসা ধরতে শুরু করে। এরপর থেকে খেতের পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগ এবং শসা সংগ্রহের কাজে প্রতিদিন প্রায় ২০০ নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন।
এই প্রকল্পে নারী শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা। আর পুরুষ শ্রমিকেরা পান ৬০০ টাকা। ফলে শসা চাষের পাশাপাশি চরাঞ্চলে তৈরি হয়েছে স্থানীয় মানুষের কাজের সুযোগ।
প্রকল্পে কাজ করা শ্রমিক সোহেল, মিরাজ, মাসুদ, নুরজাহান, মাবিয়া ও তারাবানুসহ কয়েকজন জানান, প্রতিদিন দুই শতাধিক শ্রমিক খেত পরিচর্যা ও শসা সংগ্রহের কাজে যুক্ত রয়েছেন। এই কাজের আয় দিয়েই তাঁরা জীবিকা নির্বাহ করছেন।
নৌকায় ঘাটে, সেখান থেকে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়
কৃষক হাজী আবুসামা জানান, প্রতিদিন খেত থেকে কমপক্ষে ৪০০ মণ শসা সংগ্রহ করা হচ্ছে। নিজেদের নৌকায় করে এসব শসা প্রথমে নাকালিয়া ও পেচাকোলা নদীর ঘাটে নেওয়া হয়। পরে ট্রাক ও ট্রলিতে করে পাঠানো হয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরের চাকসা ও চরপাড়া আড়তে।
সেখানে পাইকারি দরে শসা বিক্রি করেন কৃষকেরা। বর্তমানে প্রতি মণ শসার দাম পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। ব্যবসায়ীরা এসব শসা কিনে দেশের বিভিন্ন জেলা শহরে নিয়ে যাচ্ছেন।
বিঘাপ্রতি খরচ ৭০ হাজার, আয়ের আশা দেড় লাখ
শসা চাষে খরচ ও সম্ভাব্য লাভের হিসাব জানিয়েছেন কৃষক জুলু প্রাং। তিনি বলেন, প্রতি বিঘা জমি লিজ নিতে গড়ে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে। এর বাইরে বনজঙ্গল পরিষ্কার, বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি বিঘায় ব্যয় হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা।
তাঁর আশা, প্রতি বিঘা জমির শসা বিক্রি করে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হবে। তবে উৎপাদনের পরিমাণ ও বাজারদরের ওপর নির্ভর করবে খরচ বাদে প্রকৃত লাভ কতটা থাকবে।
সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন, অন্য উপজেলা থেকে কৃষকেরা এসে বেড়ার চরাঞ্চলে শসা চাষের প্রকল্প করেছেন, এমন তথ্য তাঁর জানা ছিল না। প্রতিবেদকের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন।
তবে চরাঞ্চলের উর্বর মাটি শসা চাষের জন্য উপযোগী বলে জানান তিনি। প্রকল্পের কৃষকেরা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এই কর্মকর্তা।
বনজঙ্গল পরিষ্কার করে পতিত জমিকে উৎপাদনের আওতায় আনার এই উদ্যোগে একদিকে যেমন কৃষকেরা আয়ের নতুন সম্ভাবনা দেখছেন, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে চরাঞ্চলের মানুষের। পরিকল্পিতভাবে এ ধরনের চাষাবাদ এগিয়ে নেওয়া গেলে যমুনার চরাঞ্চলের অনাবাদি জমিও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কালের আলো/এসএ/এমএস
