বিশ্বের চার দেশে গত দুই সপ্তাহে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন কর্তৃত্ববাদী প্রবণতার নেতারা। ব্রাজিল, সার্বিয়া, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এসব নির্বাচনে ভোটারদের রায়ে ক্ষমতাসীন ও কর্তৃত্ববাদী রাজনৈতিক শক্তির অবস্থান দুর্বল হয়েছে। এতে বিশ্বজুড়ে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
দেশগুলোর রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ভিন্ন হলেও চারটি নির্বাচনের ফলাফলে একটি অভিন্ন বার্তা উঠে এসেছে—তৃণমূলের মানুষ সংগঠিত হলে রাজনৈতিক পরিবর্তন সম্ভব। দীর্ঘদিন ক্ষমতায় থাকা কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা নেতাদেরও নির্বাচনের মাধ্যমে চ্যালেঞ্জ জানানো যায়। বিশ্লেষকদের মতে, কর্তৃত্ববাদের দিকে বিশ্বজুড়ে যে প্রবণতা তৈরি হয়েছিল, এসব নির্বাচন সেই ধারাকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
ব্রাজিলে কট্টর ডানপন্থীদের পরাজয়
ব্রাজিলে গত ২৫ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় কট্টর ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি। প্রথম দফার নির্বাচনে পিছিয়ে থাকলেও দ্বিতীয় দফায় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও তৃণমূলের সংগঠিত প্রচারণায় ঘুরে দাঁড়ায় তাঁর শিবির।
ব্রাজিলের রাষ্ট্রবিজ্ঞানী মিগেল লাগোর মতে, এই জয় কেবল লুলার ব্যক্তিগত জনপ্রিয়তার প্রতিফলন নয়; বরং কট্টর ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের সম্মিলিত অবস্থানের ফল। তাঁর ভাষায়, এটি বামপন্থীদের জয় নয়, গণতন্ত্রের জয়।
নির্বাচনে পরাজিত ফ্লাভিও বলসোনারো ছিলেন সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের চেষ্টা করার দায়ে তাঁর বাবা ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নির্বাচনে জয়ী হলে বাবাকে মুক্ত করা এবং বিচার বিভাগের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফ্লাভিও। তবে পরাজয়ের পর তিনি ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে চলে যান।
বিশ্লেষকদের মতে, বলসোনারো পরিবারের হাতে আবারও প্রেসিডেন্টের ক্ষমতা গেলে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও বড় ঝুঁকিতে পড়ত। কারণ, কংগ্রেসেও তাদের শক্তিশালী সমর্থন ছিল। তবে লুলা জয়ী হলেও তাঁর সামনে রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। কংগ্রেসে বিরোধীদের প্রভাব এবং বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিপক্ষের শক্ত অবস্থানের কারণে সরকার পরিচালনায় তাঁকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
সার্বিয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের বড় জয়
একই দিনে সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন বড় রাজনৈতিক সাফল্য অর্জন করে। দীর্ঘ দুই বছর ধরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
অধ্যাপক, কৃষক ও পেশাজীবীদের নিয়ে গঠিত ‘স্টুডেন্ট লিস্ট’ জাতীয় পরিষদের ২৫০ আসনের মধ্যে ১৪০টি আসনে জয় পায়। অন্যদিকে ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি পায় ১০৩টি আসন। ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠীর এই পরাজয় দেশটির রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।
বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক স্লোবোদান মার্কোভিচের মতে, শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তাঁরা ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন এবং পরিবর্তনের সম্ভাবনার প্রতি আস্থা তৈরি করেছেন। এতে আগে ভোট না দেওয়া অনেক মানুষও নির্বাচনে অংশ নেন।
নির্বাচনের ফল কাছাকাছি হলে ভুচিচ অভ্যুত্থানের কথা বিবেচনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও তাঁর দল এ অভিযোগ অস্বীকার করেছে। শেষ পর্যন্ত বিরোধীদের বড় জয়ের মুখে তিনি ফল মেনে নিতে বাধ্য হন। নতুন পার্লামেন্টের শিক্ষিত ও পেশাজীবী প্রতিনিধিদের সামনে এখন দীর্ঘদিনের দলীয় শাসনে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের চ্যালেঞ্জ রয়েছে।
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহু
গত ২৭ অক্টোবর ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট বড় ধাক্কা খেয়েছে। পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে তাঁর জোটের আসন ৬৮ থেকে কমে ৫৩টিতে নেমে এসেছে। অন্যদিকে মূলধারার বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন।
নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল আরব-ইসরায়েলি দলগুলোর সাফল্য। জয়েন্ট লিস্ট জোট ১১টি এবং রাআম পার্টি ৮টি আসন পেয়েছে। ফলে ইসরায়েলের পার্লামেন্টে আরব-ইসরায়েলিদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করা এবং বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার প্রচেষ্টার বিরুদ্ধে ভোটারদের অসন্তোষ নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে নেতানিয়াহুবিরোধী ইহুদি দলগুলো আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনে কতটা আগ্রহী, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আরব দলগুলোর সমর্থন ছাড়া বিরোধী জোটের সরকার গঠন কঠিন হতে পারে। অন্যদিকে নেতানিয়াহু আরব দলগুলোর নির্বাচনী সাফল্য নিয়ে প্রশ্ন তুলতে বিদেশি অর্থায়ন ও ভোট কেনার অভিযোগ সামনে এনেছেন। তবে এসব অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে আরব নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন, পশ্চিম তীরে দখলদারত্ব এবং গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার বড় সীমাবদ্ধতা হিসেবেই রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের রায়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে দলটির অবস্থান শক্তিশালী হয়েছে। দীর্ঘদিন রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।
নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজে প্রার্থী না হলেও ভোটারদের কাছে তাঁর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং প্রেসিডেন্টের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার বিষয়গুলো ভোটারদের অসন্তোষ বাড়িয়েছে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের উদ্বেগকে ট্রাম্প গুরুত্ব না দেওয়ায় তাঁর প্রশাসনের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়। নির্বাচনের ফলাফলে সেই অসন্তোষের প্রতিফলন দেখা গেছে।
তবে ডেমোক্র্যাটদের সামনে এখন বড় চ্যালেঞ্জ। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা অতিক্রম করতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন তাদের নেই। একইভাবে সিনেটে ফিলিবাস্টার ঠেকাতে প্রয়োজনীয় ৬০ ভোটও নেই। ফলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আটকে দেওয়ার সুযোগ থাকলেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী সব আইন পাস করানো কঠিন হবে।
এ ছাড়া সরকারি সংস্থাগুলোতে রাজনৈতিক প্রভাব বিস্তারের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণমুক্ত করাও সহজ হবে না। ‘টেন স্টেপস টু রিপেয়ার আমেরিকান ডেমোক্রেসি’ বইয়ের লেখক স্টিভেন হিলের মতে, গত দুই বছরে ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রভাব কাটিয়ে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ডেমোক্র্যাটদের কঠিন পথ পাড়ি দিতে হবে।
বিশ্ব রাজনীতিতে কী বার্তা দিল চার নির্বাচন
বিশ্লেষকদের মতে, ব্রাজিল, সার্বিয়া, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন শুধু সংশ্লিষ্ট দেশগুলোর ক্ষমতার সমীকরণ বদলায়নি; বরং বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এসব নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ, শিক্ষার্থীদের আন্দোলন, তৃণমূলের সংগঠন এবং ভোটারদের সম্মিলিত অবস্থান কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখেছে।
তবে নির্বাচনে জয় পাওয়াই গণতন্ত্র পুনরুদ্ধারের নিশ্চয়তা নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, নাগরিক অধিকার রক্ষা এবং ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা—এসব ক্ষেত্রেও নতুন নেতৃত্বকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সূত্র: দ্য গার্ডিয়ান
কালের আলো/এসএ/এএইচ
