পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের একটি খালের ওপর স্থায়ী সেতু না থাকায় দুর্ভোগে পড়েছেন তিন গ্রামের প্রায় সাত হাজার মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে হচ্ছে তাঁদের। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী। সন্তানদের নিরাপদে স্কুলে যাতায়াত নিয়ে উদ্বেগে দিন কাটছে অভিভাবকদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামে নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে। খালটির ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করেছেন। তবে সরু ও ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচল করতে হচ্ছে। এতে প্রায়ই বিপাকে পড়ছেন তাঁরা।
শিক্ষার্থীদের ঝুঁকি সবচেয়ে বেশি
তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা প্রতিদিন এই সাঁকো পার হয়েই বিদ্যালয়ে যায়। তার ভাষ্য, সাঁকো পার হওয়ার সময় প্রায়ই পা পিছলে যায়। ছোট শিক্ষার্থীদের ঝুঁকি আরও বেশি। কারণ, তাদের অনেকেই সাঁতার জানে না। ফলে খালের পানিতে পড়ে যাওয়ার আশঙ্কায় সব সময় আতঙ্কে থাকতে হয়।
এই ঝুঁকির কারণে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতেও আগ্রহ হারিয়ে ফেলছেন। অন্যদিকে সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই তার বই-খাতা খালে পড়ে যায়। এতে পড়াশোনার ক্ষতি হয়। প্রতিদিন বাবা-মায়ের পক্ষেও তাকে স্কুলে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। তাই তাদের চলাচলের জন্য সেখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছে সে।
তিন ওয়ার্ডের মানুষের চলাচলের পথ
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বলেন, এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ চলাচল করেন। এর আগে সাঁকো পার হতে গিয়ে অনেকবার স্কুলশিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে একটি সেতু নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের উত্তর পাশে বড় একটি খাল রয়েছে। এর ওপর প্রায় ২৪০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেতু নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনো সেতু নির্মাণ করা সম্ভব হয়নি।
ভেঙে গেছে পুরোনো পুল, হয়নি পুনর্নির্মাণ
আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আল মামুন বলেন, আগে ওই স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন। পুলটি পুনর্নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে।
তবে দীর্ঘদিনেও স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়েই খাল পার হতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কালের আলো/এসএ/ডিএইচ
