চট্টগ্রামের বোয়ালখালীতে আগাম আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন মাঠে পাকা ধানের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে জ্যৈষ্ঠপুরা ও করলডেঙ্গা পাহাড়ের পাদদেশের জমিতে ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। অনুকূল আবহাওয়ায় এবার ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকেরা। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ভালো ফলনের স্বস্তিও পুরোপুরি উপভোগ করতে পারছেন না তাঁরা। ধান বিক্রির আয় থেকে খরচ বাদ দিয়ে শেষ পর্যন্ত কতটা লাভ থাকবে, তা নিয়েই তাঁদের চিন্তা।
কৃষকদের অভিযোগ, সার, জ্বালানি তেল, ট্রাক্টর ও শ্রমিকের মজুরি বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাড়েনি ধানের দাম কিংবা সরকারি সহায়তা। ফলে চাষাবাদে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে তাঁদের।
কৃষি উপকরণের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ
জ্যৈষ্ঠপুরা এলাকার কৃষক রিংকন চৌধুরী ১০ কানি বা চার একর জমিতে আমন ধানের চাষ করেছেন। দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও কৃষি বিভাগের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ তাঁর।
রিংকন চৌধুরী বলেন, সার, তেল ও ট্রাক্টরের দাম বেড়ে গেছে। এক কানি বা ৪০ শতক জমি চাষ করতে এখন ট্রাক্টর বাবদ চার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হচ্ছে। আগে সারের দাম ছিল ২৫ টাকা, এখন তা বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা হয়েছে। আবার ভালো মানের সারও পাওয়া যাচ্ছে না।
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই কৃষিকাজ করছেন তিনি। তাঁদের পরিবারের প্রায় ১০ কানি জমি রয়েছে। কিন্তু কৃষি অফিস থেকে এখন পর্যন্ত এক মুঠো সারও পাননি। দুইবার যোগাযোগ করেও কোনো সুযোগ-সুবিধা মেলেনি। কৃষকদের জন্য সরকারি সহায়তা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
ভালো ফলনের আশায় স্বস্তিতে কৃষকেরা
বাড়তি উৎপাদন খরচের চাপ থাকলেও ভালো ফলনের প্রত্যাশায় আশাবাদী অনেক কৃষক। জ্যৈষ্ঠপুরা ব্রাহ্মণ বিলের কৃষক ইসমাইল হোসেন বাদশা দুই কানি বা ৮০ শতক জমিতে আমন ধানের চাষ করেছেন। ইতোমধ্যে তাঁর জমির ধান কাটা শেষ হয়েছে।
তিনি জানান, প্রতি কানি জমিতে ৭০ থেকে ৮০ আড়ি ধান পাওয়ার আশা করছেন। তবে জমির উর্বরতার ওপর ফলনের পরিমাণ অনেকটা নির্ভর করে বলে মনে করেন তিনি।
একই এলাকার কৃষক ওসমান পাঁচ কানি বা দুই একর জমিতে স্থানীয় জাতের সাদা পাঞ্জা ধানের চাষ করেছেন। তাঁর ভাষ্য, এই পরিমাণ জমিতে চাষাবাদ করতে প্রায় ৭৫ হাজার টাকা খরচ হয়েছে। ধান বিক্রি করে এক লাখ টাকা পাওয়ার আশা করছেন তিনি। ব্রাহ্মণ বিলের জমিতে পানি দ্রুত নেমে যাওয়ায় সাদা পাঞ্জা জাতের ধান চাষ করেছেন বলেও জানান এই কৃষক।
৪ হাজার ৭৯৫ হেক্টর জমিতে আমন আবাদ
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোয়ালখালীতে ৪ হাজার ৭৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমিতে ব্রি ধান-২২, ২৩, ৫২, ৮৭, ৯৫ ও ১০৩ জাতের ধান চাষ করা হয়েছে। মাঠপর্যায়ের পর্যবেক্ষণে ব্রি ধান-৯৫ ও ১০৩ জাতের ফলন তুলনামূলক বেশি পাওয়া গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম জানান, এ বছর উপজেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২০ হাজার ১০০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
তিনি আরও জানান, জ্যৈষ্ঠপুরা ও করলডেঙ্গা পাহাড়ের পাদদেশে আগাম ধান কাটা শুরু হয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে উপজেলায় পুরোদমে ধান কাটা শুরু হবে। তবে যেসব ইউনিয়নে দেরিতে ধান রোপণ করা হয়েছে, সেসব এলাকায় ফসল কাটতে আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।
সব মিলিয়ে এবার বোয়ালখালীতে আমনের ফলন নিয়ে কৃষকদের মধ্যে আশাবাদ রয়েছে। তবে উৎপাদন খরচের ঊর্ধ্বগতির কারণে সেই আশার সঙ্গে যুক্ত হয়েছে লাভের হিসাব। ভালো ফলন ঘরে তুলেও কৃষকের হাতে কতটা অর্থ থাকবে, তা নির্ভর করছে উৎপাদন ব্যয় বাদ দিয়ে ধান বিক্রির আয় কতটা থাকে তার ওপর।
কালের আলো/এসএ/টিসি
