Kaler Alo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

মৌলভীবাজার সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০১:৫১ পিএম

জুড়ীর জাম্বুরার সুনাম দেশজুড়ে, এবার রপ্তানির স্বপ্ন

মৌলভীবাজার সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০১:৫১ পিএম

জুড়ীর জাম্বুরার সুনাম দেশজুড়ে, এবার রপ্তানির স্বপ্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার টিলাবেষ্টিত জনপদে উৎপাদিত বাতাবি লেবু, স্থানীয়ভাবে পরিচিত জাম্বুরা, এখন আর শুধু স্থানীয় ফলের বাজারে সীমাবদ্ধ নেই। স্বাদ ও বৈশিষ্ট্যের কারণে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এর সুনাম। ফলে বাণিজ্যিকভাবেও বাড়ছে এই ফলের চাষ। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত সরবরাহ হচ্ছে জুড়ীর জাম্বুরা।

দেশের বাজারে ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি এবার বিদেশের বাজারেও এ ফল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জুড়ীর বিভিন্ন পাহাড়ি টিলা, বসতবাড়ির আঙিনা ও কৃষিজমিতে দীর্ঘদিন ধরে চাষ হচ্ছে এই ফল। স্থানীয়দের কাছে এটি ‘মাতু জামির’ বা ‘জাম্বুরা’ নামে বেশি পরিচিত। টক, মিষ্টি ও সামান্য তিতা স্বাদের কারণে জুড়ীর জাম্বুরার রয়েছে আলাদা পরিচিতি।

১০ হাজার গাছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১২০০ টন
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, জুড়ীর হায়াছড়া, শুকনাছড়া, জামকান্দি, দুর্গাপুর, গোবিন্দপুর, বিনোদপুর, লালছড়া, রূপাছড়া, লাঠিটিলা, ডোমাবাড়ী, কুচাইরতল, কচুরগুল ও পুটিছড়াসহ বিভিন্ন এলাকায় জাম্বুরা উৎপাদিত হচ্ছে। বর্তমানে প্রায় ৬৬ হেক্টর জমিতে রয়েছে প্রায় ১০ হাজার জাম্বুরা গাছ। চলতি মৌসুমে ফলটির উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২০০ টন।

কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি পূর্ণবয়স্ক গাছে সাধারণত ১০০ থেকে ৫০০টি পর্যন্ত জাম্বুরা ধরে। অনুকূল পরিবেশ ও ভালো পরিচর্যা পেলে কোনো কোনো গাছে ফলের সংখ্যা এক হাজারেও পৌঁছায়। তুলনামূলক কম উৎপাদন খরচ এবং বাজারে ক্রমবর্ধমান চাহিদার কারণে ফলটি এখন লাভজনক কৃষিপণ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

সাধারণত আশ্বিন থেকে পৌষ মাস পর্যন্ত গাছে জাম্বুরা পাওয়া যায়। তবে আশ্বিন থেকে কার্তিকের মাঝামাঝি সময়কে ফল পরিপক্ব হওয়ার উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করেছেন কৃষকেরা।

বাগান থেকে সরাসরি ঢাকার বাজারে
জুড়ীর স্থানীয় ব্যবসায়ী কালা মিয়া ও হেলাল উদ্দিন জানান, তাঁরা মৌসুম শুরুর আগেই বিভিন্ন বাগানের মালিকদের সঙ্গে চুক্তি করেন। এরপর নির্ধারিত সময়ে শ্রমিক দিয়ে গাছ থেকে ফল সংগ্রহ করে বাজারজাত করেন। বাছাই ও বস্তাবন্দি করার পর ট্রাকে করে জাম্বুরা পাঠানো হয় ঢাকায়।

রাজধানীর যাত্রাবাড়ী বাজারে আড়তদারেরা বস্তা হিসাবে এসব ফল পাইকারি বিক্রি করেন। ফলের আকার ও মান অনুযায়ী প্রতি বস্তার দাম পড়ে এক থেকে দুই হাজার টাকা।

অনলাইনভিত্তিক ফল সরবরাহকারী প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটসের স্বত্বাধিকারী আবু সাঈদ আল সাগর জানান, দুই বছর ধরে তাঁরা জুড়ী থেকে জাম্বুরা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় ভবিষ্যতে এ ফল রপ্তানির পরিকল্পনাও রয়েছে তাঁদের।

উদ্ভাবিত হয়েছে জুড়ীর নিজস্ব দুটি জাত
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০০১ সালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ‘জুড়ী বাতাবিলেবু-১’ ও ‘জুড়ী বাতাবিলেবু-২’ নামে দুটি জাত শনাক্ত ও উদ্ভাবন করা হয়। জাত দুটির ফল আকারে বড় এবং স্বাদেও সুস্বাদু। এর মধ্যে একটির শাঁস গাঢ় লাল, অন্যটির শাঁস আংশিক সাদা।

কৃষকদের মধ্যে বাতাবিলেবু-১, বাতাবিলেবু-২ ও বারি বাতাবিলেবু-৫-এর চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি বাগান ব্যবস্থাপনা, গাছের পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

নতুন জাত যাচাই ও বাগান সম্প্রসারণের উদ্যোগ
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, ‘জুড়ীতে জাম্বুরা প্রাকৃতিকভাবেই ভালো জন্মে। এখানকার জাম্বুরার জাতগুলো অত্যন্ত ভালো। সারা দেশে বাতাবিলেবুর চাহিদা থাকলেও বাজারে সব সময় মানসম্মত জাতের ফল পাওয়া যায় না।’

তিনি আরও বলেন, চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে উন্নত জাতের চারা বিতরণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় পাওয়া আরও ১৬টি জাতের বৈশিষ্ট্য যাচাই করে চারা উৎপাদন ও নতুন বাগান সম্প্রসারণের প্রস্তুতি চলছে। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শও দেওয়া হচ্ছে।

জুড়ীর এই ঐতিহ্য ধরে রাখতে পারলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে উল্লেখ করে তিনি কৃষকদের জাম্বুরা চাষ অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় ফল হিসেবে পরিচিতি পাওয়া জুড়ীর জাম্বুরা এখন দেশের বিভিন্ন বাজারে জায়গা করে নিচ্ছে। উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের সম্প্রসারণ ও বাজারব্যবস্থা আরও শক্তিশালী করা গেলে ভবিষ্যতে এই ফল বিদেশের বাজারেও পরিচিতি পেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

কালের আলো/এসএ/এমএস

Link copied!