ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়টি আইনি ও কারিগরি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিষয়টি আইন অনুযায়ী সমাধান করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাসপোর্ট ও এনআইডি আবেদন নিয়ে ভারতের বক্তব্য
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্ভাব্য কনসুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।
তিনি আরও বলেন, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। তার ধারণা, শেখ হাসিনার আবেদনের বিষয়টিও সে ধরনের। তবে এটি একটি কারিগরি বিষয়।
বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ
একজন বাংলাদেশি নাগরিক হিসেবে শেখ হাসিনা নিজ দেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা বা সমঝোতার মাধ্যমে এ বিষয়ে কোনো ভূমিকা রাখা সম্ভব কি না, জানতে চান আরেক সাংবাদিক।
জবাবে জয়সওয়াল বলেন, এ প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।
শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আগেও পরিষ্কার করা হয়েছে। এটি একটি আইনি বিষয় এবং আইন অনুযায়ী এর সমাধান করা হবে।
দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন আবেদন
এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। গত সোমবার দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।
শেখ হাসিনার এই আবেদনকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে বিএনপি সরকারও তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে কয়েক দফায় আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
এদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তার প্রত্যাবর্তনকে ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।
কালের আলো/এম/এএইচ
