মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে ঢাকা থেকে সৌদি আরবের আকাশপথে। গত এক মাসে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ২৭৪ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ও ট্রানজিট—দুই ধরনের ফ্লাইটই রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইট বাতিল ১১২টি
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং রিয়াদ এয়ারলাইনসের ২৫টি রয়েছে।
এসব ফ্লাইটে ঢাকা থেকে সরাসরি রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল যাত্রীদের। কিন্তু নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় তাঁদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।
ট্রানজিট ফ্লাইট বাতিল ৭৭টি
সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমান সংস্থার ৭৭টি ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।এসব ফ্লাইটে বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল যাত্রীদের। তবে সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত আসায় ঢাকায় অবস্থানরত যাত্রীদের বহন করেনি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।
হুতিদের হামলার পর ফ্লাইট চলাচলে প্রভাব
হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। একই সময়ে সৌদি আরবের দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট চলাচলে পরিবর্তন আনে বিভিন্ন বিমান সংস্থা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে পরিস্থিতির কারণে সেই সময়সীমা আরও বাড়ানো হয়।
এক মাসে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান, চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে সৌদি আরব যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
কালের আলো/এএইচ/জেএন
