নারী ও কন্যাশিশুদের অধিকার এবং আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশটির বিপক্ষে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। তালেবান সরকারের অধীনে নারীদের খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার প্রতিবাদে এ অবস্থান নিয়েছে সংস্থাটি। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়োজিত টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি নেই স্কটল্যান্ডের।
সোমবার ( ৯ নভেম্বর ) এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, নারী ও কন্যাশিশুদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি এবং আফগানিস্তানের মানবিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন কিংবা নিয়মিত বার্ষিক পর্যালোচনার ভিত্তিতে নীতিটি পুনর্বিবেচনা করা হবে।
২০২১ সাল থেকে আফগান নারীদের খেলাধুলায় বাধা
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ কার্যত বন্ধ হয়ে যায়। একই সঙ্গে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নারীদের সুযোগ ব্যাপকভাবে সীমিত হয়েছে।
তালেবান সরকারের দাবি, ইসলামি আইন ও স্থানীয় রীতিনীতির ব্যাখ্যা অনুযায়ী তারা নারীদের অধিকারকে সম্মান করে। দেশটির অভ্যন্তরীণ বিষয়গুলো স্থানীয়ভাবেই সমাধান করা উচিত বলেও তাদের অবস্থান।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পথ অনুসরণ
আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত রাখার ক্ষেত্রে ক্রিকেট স্কটল্যান্ডের সিদ্ধান্ত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই দুই ক্রিকেট বোর্ডও আগেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে।
২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়া আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এ অবস্থান নতুন নয়। তবে আইসিসির টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে স্কটল্যান্ডের অবস্থান আলাদা।
অনুশীলনের সুযোগ চেয়েছিল আফগানিস্তান
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি স্কটল্যান্ড ও আফগানিস্তান। তবে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, গত জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পুরুষ দলের সিরিজের আগে অনুশীলনের সুযোগ-সুবিধা চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেপ্টেম্বরে আফগানিস্তান প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি আসর সামনে রেখেও স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ চেয়েছিল তারা।
খেলোয়াড়দের এনওসি নিয়েও অবস্থান স্পষ্ট
খেলোয়াড়দের সঙ্গে চুক্তিগত বাধ্যবাধকতার বিষয়টিও বিবেচনায় রাখছে ক্রিকেট স্কটল্যান্ড। আইসিসি যদি আফগানিস্তানের ঘরোয়া লিগকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়, তাহলে সেখানে অংশ নিতে খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার বিষয়টি বিবেচনা করবে সংস্থাটি।
তবে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, কোনো খেলোয়াড়কে এনওসি দেওয়া হলে তা আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচিত হবে না। এ বিষয়ে মন্তব্য জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে বোর্ডের বক্তব্য পাওয়া যায়নি।সূত্র: রয়টার্স
কালের আলো/এসএ /টিসি
