চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ করে সেখানে মানুষের বসবাসের পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন প্রজন্মের নভোচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নির্বাচিত নভোচারীরা চাঁদে গিয়ে ঘাঁটি নির্মাণ, বসবাস ও গবেষণার কাজে অংশ নেবেন। পাশাপাশি ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতিতেও ভূমিকা রাখবেন তাঁরা।
গত শনিবার (৭ নভেম্বর) নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান নতুন নভোচারী নিয়োগের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা যাঁদের নির্বাচন করব, তাঁদের কেউ চাঁদে হাঁটতে পারবেন। কেউ চাঁদের ঘাঁটিতে বসবাস ও কাজ করতে পারবেন। একই সঙ্গে মঙ্গলে নভোচারী পাঠানোর কাজেও ভূমিকা রাখতে পারবেন।’
আর্টেমিস কর্মসূচির অংশ নতুন নিয়োগ
নাসার এই নিয়োগ কার্যক্রম সংস্থাটির আর্টেমিস কর্মসূচির অংশ। এই কর্মসূচির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও চাঁদে মানুষ পাঠানোর পাশাপাশি সেখানে দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে আবারও নভোচারীদের চাঁদে পাঠানোর লক্ষ্য রয়েছে।
আবেদনে যেসব যোগ্যতা প্রয়োজন
নাসার তথ্য অনুযায়ী, নতুন নভোচারী পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল অথবা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাইলট হিসেবে প্রশিক্ষণ এবং চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় যোগ্যতাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাও থাকতে হবে।
নাসার ওয়েবসাইটে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২৭ সালের শেষ দিকে চূড়ান্তভাবে নভোচারীদের নির্বাচিত করা হবে। এরপর তাঁদের জন্য শুরু হবে বিশেষ প্রশিক্ষণ।
এর আগে ২০২৪ সালে নভোচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নাসা। সে সময় আট হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে মাত্র ১০ জনকে নির্বাচিত করা হয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান
কালের আলো/এসএ/আরআইকে
