Kaler Alo
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৩:৩৬ পিএম

রিয়াদে একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৩:৩৬ পিএম

রিয়াদে একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।

মঙ্গলবার (১০ নভেম্বর) রিয়াদে অবস্থানরত বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পান। এ সময় নগরীর বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হয়। এতে আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। পরে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) রাতেও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার কথা জানিয়েছিল সামরিক জোট।

আরামকোর স্থাপনাতেও হামলার দাবি
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতিদের হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। গত রোববার রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে হুতিরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভবনটির ওপর পড়ায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপগভর্নরসহ কয়েকজন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করতে দেখা গেছে।

দীর্ঘদিনের সংঘাত আবারও তীব্র
২০১৫ সালের মার্চে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদির নেতৃত্বাধীন জোট। এর কয়েক মাস আগে হুতিরা দেশটির রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।

দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে দুই পক্ষের যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে। এরপর থেকে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা, বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করে আসছে হুতিরা। সূত্র: এএফপি

কালের আলো/এসএ/এএইচ

Link copied!