সংবাদ পাঠিকা থেকে অভিনয়শিল্পী—ক্যারিয়ারে একাধিক পরিচয়ে নিজেকে তুলে ধরেছেন শবনম বুবলী। এবার নতুন এক পরিচয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দিতে চলেছেন এই অভিনেত্রী। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার একটি গানে গাইবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা নিজেই। গানটি নিয়ে বুবলীর সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে এবং গাওয়ার প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন অভিনেত্রী। গানটির কথা লিখেছেন কবির বকুল। আগামী ডিসেম্বরেই গানটির রেকর্ডিং করার পরিকল্পনা রয়েছে।
ডেমো শুনেই গানটি পছন্দ বুবলীর
নির্মাতা জাহিদ হোসেন জানান, সিনেমার শুটিংয়ের সময় গানটির ডেমো শুনেছিলেন বুবলী। গানটি তাঁর বেশ পছন্দ হয়। সেই আগ্রহ থেকেই তাঁকে গানটি গাওয়ার প্রস্তাব দেন নির্মাতা। বুবলীও প্রস্তাবে রাজি হয়েছেন।
এর আগে গত রোজার ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে একটি গান গেয়ে আলোচনায় এসেছিলেন বুবলী। এবার সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে সিনেমার প্লেব্যাকেও যুক্ত হতে যাচ্ছেন তিনি।
পুরান ঢাকার গল্পে ‘ঢাকাইয়া দেবদাস’
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতি ঘিরে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। একটি প্রেমের গল্পের মধ্য দিয়ে সিনেমায় তুলে ধরা হবে পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা দিক।
সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এই জুটির চতুর্থ সিনেমা এটি। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুসহ অনেকে।
প্রযোজনাতেও নতুন যাত্রা বুবলীর
অভিনয় ও গানের পাশাপাশি সম্প্রতি প্রযোজক হিসেবেও নতুন যাত্রা শুরু করেছেন বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ থেকে নির্মিত হয়েছে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। এটি পরিচালনা করেছেন মুরসালিন সরকার।
ইতিমধ্যে সিনেমাটি নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের জন্য। আগামী ৯ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে উৎসবটি।
সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি গান ও প্রযোজনায়ও নিজের পরিসর বাড়াচ্ছেন বুবলী। এবার সিনেমার গানে তাঁর কণ্ঠ দর্শক-শ্রোতাদের কাছে কেমন গ্রহণযোগ্যতা পায়, সেটিই দেখার অপেক্ষা।
কালের আলো/এসএ/জেএন


-20261126133922.jpg)

-20261126133344.jpg)












-20261124163219.jpg)


