মাত্র দুই সপ্তাহ আগেও স্বামী মহসীন মেহেদীর সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ছবির ক্যাপশনেও ছিল ভালোবাসার প্রকাশ। কিন্তু সেই ছবির ১৫ দিনের মাথায় বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন এই গায়িকা। তবে ঘোষণার পরদিনই নিজের ফেসবুক পেজ থেকে সেই পোস্ট সরিয়ে নিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল।
বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ন্যানসি জানান, তিনি ও তাঁর স্বামী মহসীন মেহেদী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের একসঙ্গে পথচলার ইতি টানার কথা জানিয়ে ব্যক্তিগত এই সিদ্ধান্তকে সম্মান করার অনুরোধও জানান ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।
তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাঁর ফেসবুক পেজে আর বিচ্ছেদের ঘোষণাটি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, সকালে পোস্টটি মুছে ফেলেছেন গায়িকা। যদিও এ বিষয়ে তিনি নিজে কোনো ব্যাখ্যা দেননি।
বিচ্ছেদের পোস্টের বদলে বাগানবিলাসের ছবি
বিচ্ছেদের ঘোষণা সরিয়ে নেওয়ার পর সকালে ফেসবুকে অন্য একটি পোস্ট দিয়েছেন ন্যানসি। সেখানে নিজের বারান্দার বাগানবিলাস গাছের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।’
এর আগে ১০ নভেম্বর স্বামী মহসীন মেহেদীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। সেই পোস্টের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার সময়ের ব্যবধান নিয়েই এখন আলোচনা হচ্ছে।
ঘোষণায় যা লিখেছিলেন ন্যানসি
বুধবার (২৫ নভেম্বর) রাতে দেওয়া পোস্টে ন্যানসি লিখেছিলেন, মেহেদী ও তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে পথচলা তাঁদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর তাঁরা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের উদ্দেশে তিনি তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ করেছিলেন। জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করার প্রত্যয়ও জানিয়েছিলেন এই সংগীতশিল্পী।
২০২১ সালে বিয়ে, সংসারে এক কন্যাসন্তান
২০২১ সালের আগস্টে মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যানসি। পরের বছরের জুনে তাঁদের ঘরে আসে কন্যাসন্তান। এর আগে আরও দুটি সংসার ছিল তাঁর।
২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যানসি। সেই সংসারে জন্ম নেয় তাঁদের কন্যা রোদেলা। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গায়িকা। দ্বিতীয় সংসারেও এক কন্যাসন্তানের মা হন তিনি। ২০২১ সালে ওই সংসারের বিচ্ছেদের খবর জানান ন্যানসি।
সব মিলিয়ে, স্বামীর সঙ্গে ছবি প্রকাশের দুই সপ্তাহের ব্যবধানে বিচ্ছেদের ঘোষণা এবং পরদিন সেই পোস্ট মুছে ফেলার ঘটনা ঘিরে ন্যানসিকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে পোস্ট সরিয়ে নেওয়ার কারণ কিংবা তাঁদের বর্তমান সম্পর্কের বিষয়ে নতুন করে কিছু জানাননি গায়িকা।
কালের আলো/এসএ/জেএন


-20261126133922.jpg)

-20261126133344.jpg)












-20261124163219.jpg)


